মেসেঞ্জারে আবারো পরিবর্তন এনেছে ফেসবুক

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২১:৩৫

অ্যান্ড্রয়েড   কর্নার

ফেসবুকের  মেসেজিং অ্যাপ মেসেঞ্জারে এসেছে বিশাল পরিবর্তন। যারা মেসেঞ্জার ব্যবহার করছেন তারা হয়তো এই পরিবর্তন খেয়াল করেছেন। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ‘এফ৮’ ডেভেলপার সম্মেলনে মেসেঞ্জারের নতুন নকশা আনার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে নতুন নকশাটি ব্যবহারকারীদের জন্য ধীরে ধীরে উন্মুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

এ বিষয় প্রযুক্তি বিষয় ওয়েবসাইট দ্য ভার্জ- এ প্রকাশিত একটি প্রতিবেদনে ফেসবুক কর্তৃপক্ষ বলছে, এখনো যারা নতুন নকশার মেসেঞ্জার পাননি, তারা শিগগিরই পেয়ে যাবেন। নতুন নকশায় অবশ্য মেসেজিং বা বার্তা আদান-প্রদানের বিষয়টিকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে,  নতুন নকশা ঘোষণার পর আপডেট আনতে দেরি করেছে ফেসবুক। আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মের জন্যই আপডেট উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। তবে সব গ্রাহকের কাছে আপডেট পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে। চ্যাটিং আরও সহজ করতে নতুন নকশা করা হয়েছে। নকশায় বার্তাগুলোকে আবারও সামনে এবং মাঝখানের দিকে আনা হয়েছে। আগের নয়টি ট্যাবকে কমিয়ে তিনটিতে আনা হয়েছে। ফেসবুকের দাবি, এতে মেসেঞ্জারের ইন্টারফেসটি দেখতে পরিচ্ছন্ন লাগবে।

মেসেঞ্জারে অবশ্য আগের মতোই সব ফিচার রাখা হয়েছে। কিন্তু এবারে গেম, বট এবং রিমাইন্ডারের মতো ফিচারগুলো ‘ফোর-ডট’ আইকনের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। এখন আর এগুলোকে সামনে দেখা যাবে না।

অবশ্য মেসেঞ্জারের নতুন এ নকশা সবাইকে খুশি করতে পারেনি। অনেকে এটাকে নেতিবাচক হিসেবে দেখছেন। অনেকে নতুন নকশা বুঝতে পারছেন না বলে অভিযোগ করছেন। মেসেঞ্জারের আগের নকশা ভালো ছিল বলে মন্তব্য করছেন কেউ কেউ ।

 

                সূত্র: দ্য ভার্জ