প্রেসক্লাবের সামনে বিএনপি পুলিশ ধাওয়া-পালটাধাওয়া

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৪১

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সুপারিশের প্রতিবাদে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশের শেষের দিকে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন অর্ধশতাধিক। গ্রেফতার হয়েছে ২১ নেতাকর্মী। পুলিশ বলছে, এতে তাদের অন্তত আট সদস্য আহত হয়েছেন। বিএনপি বলছে, শান্তিপূর্ণ সমাবেশের ওপর পুলিশের এই হামলা ছিল পূর্বপরিকল্পিত। পুলিশের আচরণ ছিল বেপরোয়া। হামলায় আহত হয়েছেন ১১৯ জন। ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, সহতথ্যবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান শিমুল প্রমুখ। এদের মধ্যে ৮-৯ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে সমাবেশ শুরুর কথা থাকলেও আগে থেকেই নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে থাকেন। সমাবেশকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশ চলছিল সামনের রাস্তা বন্ধ করে। সমাবেশের শেষের দিকে প্রধান অতিথি দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেনের বক্তৃতা শেষ হওয়ার আগে সেখানে যান চলাচল স্বাভাবিক করা নিয়ে পুলিশের সঙ্গে উত্তেজনার             সৃষ্টি হয় বিএনপি নেতাকর্মীদের। পুলিশ সমাবেশের পাশেই অবস্থান নিয়ে দাঁড়িয়ে ছিল। উত্তেজনার মধ্যেই সমাবেশের পাশ থেকে ইট ছুড়ে মারা হলে পুলিশ বাঁশি বাজিয়ে লাঠিচার্জ শুরু করে সমাবেশে।  পুলিশ এ সময় যুবদল কেন্দ্রীয় সহসভাপতি জাকির সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক সরোয়ার ভূঁইয়া, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ নাঈমসহ ২১ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে।

পুলিশের বক্তব্য

রাজধানীর শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশীদ বলেন, বিএনপির কর্মীরা শুরুতেই পুলিশের ওপর চড়াও হয়ে আঘাত করলে পুলিশ ‘অ্যাকশনে’ যায়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় তিনি নিজেও পায়ে আঘাত পেয়েছেন বলে জানান। তবে তিনি কোন হাসপাতাল থেকে চিকিত্সা নিচ্ছেন, তা জানাননি।

হামলার প্রতিবাদে মশাল মিছিল

প্রেসক্লাবের সামনে বিএনপি সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপি। গতকাল শনিবার সন্ধ্যার পর রাজধানীর মহাখালী চেয়ারম্যান বাড়ি থেকে বনানী পর্যন্ত এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব  দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।  

পুলিশের হামলা ছিল পূর্বপরিকল্পিত : রিজভী

গতকাল বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ সমাবেশের ওপর পুলিশের এ হামলা ছিল পূর্বপরিকল্পিত। রিজভী শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়ে গ্রেফতার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।