রয়টার্স
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বৈরুত ও দামেস্কে নিয়মিত ভ্রমণ করা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কূটনীতিক ও কর্মকর্তাদের বিশেষ ভিসা বাতিল করে দিয়েছেন। এতে গৃহযুদ্ধের শিকার মানুষদের জন্য ত্রাণ বিতরণ কর্মসূচি বাধার মুখে পড়েছে বলে জানিয়েছেন তিন ঊর্ধ্বতন ইইউ কূটনীতিক।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর সময়ে বিরোধীদের ওপর আসাদের নির্মম হামলার প্রতিবাদে দামেস্কের দূতাবাসগুলো বন্ধ করে দিয়ে ইইউ দেশটির সবচেয়ে কাছের প্রধান নগরী লেবাননের রাজধানীতে তাদের কূটনৈতিক স্থাপনা ব্যবহার করে। কিন্তু দামেস্কে প্রবেশের জন্য ইইউ কূটনীতিক ও কর্মকর্তাদের সিরিয়ায় মাল্টিপল-এন্ট্রি ভিসার বিশেষ অনুমোদন এ মাসের শুরুতেই বাতিল হয়েছে। এ সিদ্ধান্তের কোনো কারণও সিরিয়া সরকার জানায়নি বলে জানিয়েছেন ইইউ কূটনীতিকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক ইইউ কূটনীতিকরা বলছেন, তাদের ধারণা, দামেস্কে দূতাবাস আবারো খোলার জন্য ইউরোপীয় দেশগুলোর সরকার এবং ইইউকে বাধ্য করার চেষ্টাতেই সিরিয়া এ পদক্ষেপ নিয়েছে।
