আইএসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতে গ্রেপ্তার ৯

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২১:৩৯

জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতের মহারাষ্ট্র রাজ্য থেকে এক কিশোরসহ ৯ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাজ্যটির মুমব্রা, থানে ও আওরঙ্গাবাদ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা সবাই সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস)। ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে জঙ্গি গোষ্ঠীগুলোর ‘স্লিপার সেলের’ উপস্থিতি নিয়ে তদন্ত করছিল মহারাষ্ট্র এটিএস। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এটিএস তাদের বিষয়ে প্রাসঙ্গিক তথ্য জোগাড় করার পর কয়েক সপ্তাহ ধরে তাদের অনুসরণ করে বলে জানিয়েছে সংস্থাটি।

দলটি অ্যাকশনে যেতে পারে—এমন সম্ভাবনার মুখে মঙ্গলবার রাতে মুমব্রা, থানে ও আওরঙ্গাবাদের পৃথক পাঁচটি এলাকায় তল্লাশি চালায় এটিএসের কয়েক ডজন টিম। অভিযানকালে রাসায়নিক, বিস্ফোরক, মোবাইল ফোন, সিম কার্ড, এসিডের বোতল ও ধারালো ছুরি পাওয়া গেছে বলে জানিয়েছে এটিএস। খবর আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভি

তদন্তকারীরা গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ না করলেও তাদের বয়স ও কোথা থেকে তাদের ধরা হয়েছে তা জানিয়েছেন। ২০ থেকে ২৫ বছরের মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয় আওরঙ্গাবাদের কায়সার কলোনি থেকে। আওরঙ্গাবাদেরই রাহাত কলোনি থেকে ধরা হয় ৩৫ বছর বয়সী একজনকে। মুমব্রায় গোয়েন্দাদের জালে ধরা পড়েন পাঁচ জন। তাদের বয়স বিশের আশেপাশে। এক কিশোরকে গ্রেপ্তার করা হয় থানে থেকে। তাদের সবার বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশদ্রোহিতার মামলা দায়ের হয়েছে। জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য-প্রমাণ জোগাড়ের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।