শ্রীপুরে কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডে আরো দুটি লাশ উদ্ধার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩৪

গাজীপুরের শ্রীপুরের টেপিরবাড়ী গ্রামের এ এস এম কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধ্বংসস্তূপ থেকে আরো দুই জনের মরদেহ পাওয়া গেছে। এ নিয়ে কেমিক্যাল কারখানায় মৃতের সংখ্যা দাঁড়াল তিন জনে।

শনিবার সকালে এই দুই জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজে পাঠিয়েছে শ্রীপুর থানা পুলিশ।

আগুনে পোড়া  উদ্ধার হওয়া লাশ টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার আওয়ালপুর গ্রামের সিরাজ ব্যাপারীর ছেলে আশরাফুল ইসলাম (৫০) ও কুমিল্লা জেলার দাউদকান্দি থানার তুলাতুলি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে নাসির উদ্দিন (৩৯)। এর আগে এ কারখানার শ্রমিক শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামের তাইজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

কারখানার সহকারী মহাব্যবস্থাপক আব্দুর রউফ বলেন, আশরাফুল মেকানিক্যাল ফিডার ও নাসির অপারেটর পদে কর্মরত ছিল। এর আগে এই কারখানা থেকে আলমগীর হোসেন নামের আরো এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছিল। অগ্নিকাণ্ডের পর থেকেই উভয়েই নিখোঁজ ছিলেন। এ ঘটনায় কারখানার পক্ষ থেকে নিহতের পরিবারকে দাফনকাফনের জন্য সামান্য অর্থ সহায়তা দেওয়া হয়েছে। পরে বিধি অনুযায়ী অন্যান্য পাওনাদি ও সহায়তা দেওয়া হবে। তিনি আরো বলেন, আমাদের তালিকা অনুযায়ী আর কেউ নিখোঁজ নেই।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, আগুনে নিহত কারখানা শ্রমিকের মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারখানা কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ এনে অগ্নিকাণ্ডে শ্রমিক মৃত্যুর ঘটনায় নিহত আলমগীরের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।