ঢাকা দক্ষিণ সিটি উচ্ছেদ অভিযান

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে ব্যবসায়ী নেতাদের আশ্বাস  

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২৭

দীর্ঘ ২২ বছর পরে রাজধানীর ফুলবাড়িয়া-২ মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন দেলুর জিম্মিদশা থেকে মুক্তি পাচ্ছেন জাকের মার্কেটের ব্যবসায়ীরা। আগামী ১৯ মার্চ মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনের মাধ্যমে জাকের মার্কেটের ব্যবসায়ীরা মুক্তি পেতে যাচ্ছেন। 

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জাকের সুপার মার্কেটের ছাদে ব্যবসায়ী সমিতির সাধারণ সভায় নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়। সেখানে জাকের সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির নেতারা নির্বাচনের মাধ্যমে দেলুর হাত থেকে মুক্তি পাওয়ার ঘোষণা দেন।

সাধারণ সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন  মার্কেট ফেডারেশনের সভাপতি দেওয়ান ডা.শাহীন বলেন, বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য  প্রার্থনা করেছি। মেয়র ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য অগ্রাধিকার দেয়ার কথা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত আমরা এই ব্যবসায়ীদের পাশে আছি। যারা ক্ষতি হয়েছে তাদের পুনর্বাসনের জন্য আবেদন করা হচ্ছে। সিটি কর্পোরেশনের দোকান বরাদ্দ নেয়ার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। যিনি ক্ষতি হয়েছেন তিনি নিজেই আবেদন করতে পারবেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিয়ে মেয়রের সঙ্গে বসে আলোচনা করা হবে। বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহবায়ক কমিটি করে আগামী ৪৫ দিনের মধ্যে নির্বাচন করা হবে।

দক্ষিণ সিটি মার্কেট ফেডারেশনের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ আগামী রমজানের আগেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানিয়ে বলেন, বর্তমান মেয়রের কাছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য আবেদন দেয়া হয়েছে। এই সভার মাধ্যমে সামনের নির্বাচনে ব্যবসায়ীদের ভোট অধিকার ফিরিয়ে দেয়া হবে। আমরা নির্বাচিত হতে পারলে ব্যবসায়ীদের সকল সুযোগ সুবিধা ফিরিয়ে দেয়া হবে। অতিরিক্ত বিদ্যুৎ বিল নেয়া বন্ধসহ সব অনিয়ম বন্ধ করা হবে। 

এর পরে নির্বাচন করার জন্য তিন সদস্যর একটি নির্বাচন কমিশন গঠন করা হয়।

ফুলবাড়িয়া -২ মার্কেটের তিনটি ব্লকে নকশা বহির্ভূত দোকান, অতিরিক্ত বিদ্যুৎ বিল, সার্ভিস চার্জসহ গত ২২ বছরে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে। পরে গত ডিসেম্বরে অবৈধ ও নকশা বহির্ভূত দোকানপাট উচ্ছেদ করে দক্ষিণ সিটি কর্পোরেশন।

ইত্তেফাক/এমএএম