চাই লিংকড-ইনের যথাযথ ব্যবহার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫২

লিংকড-ইনে যুক্ত আছি এক বছরের কাছাকাছি হবে। তখন আমাদের দেশের প্রেক্ষাপটে ইউজার সংখ্যা কম ছিল, পরিচিত খুব কম মানুষকেই খুঁজে পেতাম, তাও খুব ক্যারিয়ার উচ্চভিলাষী হলে। 

যখন করোনার কারণে নিউ নরমাল শুরু হয়েছিল তখন অনুমান করতে পেরেছিলাম খুব শীঘ্রই ব্যবহারকারীর সংখ্যা অনেক বাড়তে যাচ্ছে, হলোও তাই। তবে তার সঙ্গে একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে, প্রফেশনালদের জন্য নেটওয়ার্ক তৈরি করার এই প­াটফর্ম ফেসবুকের মতো যাচ্ছেতাই ব্যবহারের রীতি শুরু হয়ে যাবে না তো। দুঃখজনক হলেও সত্য কিছু কিছু প্রোফাইলে প্রবেশ করলে বুঝতে পারি না যে লিংকড-ইনে আছি নাকি ফেসবুক-ইন্সটাগ্রামে আছি। গুটিকয়েক প্রোফাইলে প্রবেশ করে ছবি, নিজের মনের অনুভূতি নিয়ে স্ট্যাটাস দেখলে মনে হয় কোনো ফেসবুক টাইমলাইনে আছি।

প্রথম ছয় মাসে যতটা আগ্রহ নিয়ে অ্যাকটিভ থাকতাম এখন আর তেমন পারি না। আগে বলতাম যে প্রত্যেক বিশ্ববিদ্যালয়পড়ুয়া স্টুডেন্টের একটা লিংকড-ইন অ্যাকাউন্ট অবশ্যই থাকা চাই। কারণ একটা প্রোফাইল একটা সিভির মতো যেখানে নতুন প্রতিটি অভিজ্ঞতা, অ্যাচিভমেন্ট, অ্যাকটিভিটি যোগ হওয়ার মাধ্যমে ধারাবাহিক উন্নয়নের রেখাটাকে তুলে ধরে। কিন্তু এখন সময় এসেছে বলার, লিংকড-ইন অ্যাকাউন্ট তৈরি করার আগে একজন মানুষ প্রোফাইল কিভাবে ম্যানেজমেন্ট করবে সেটার ন্যূনতম জ্ঞান নিশ্চিত করা। নাহলে হয়তো আমরা অচিরেই লিংকড-ইনকে ফেসবুকের মতো সস্তা ব্যবহার হতে দেখব।

সাফায়েত হোসেন তুষার

অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়