ফুলবাড়ীতে ৪৮ বছর পর মুছে গেল পাকিস্তান জিন্দাবাদ

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২২:০২

শত বছরের কুয়ায় সংস্কার শেষে লেখা হবে ‘জয় বাংলা’

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

বাংলাদেশ স্বাধীন হবার ৪৮ বছর পর কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি শত বছরের কুয়ার গা থেকে পাকিস্তান জিন্দাবাদ লেখাটি মুছে ফেলা হয়েছে। উপজেলা প্রশাসন কুয়াটি সংস্কারের কার্যক্রম শুরু করেছে। সংস্কারের কাজ শেষ হলে জয় বাংলা নামকরণ হবে। ১১১ বছর আগে তৈরি কুয়াটির গায়ে পাকিস্তানের জাতীয় পতাকার প্রতীক ‘চাঁদতারা’ অঙ্কিত ফলকে লেখা ছিল ‘পাকিস্তান জিন্দাবাদ—মালিক ভোলা মামুদ। ১৩১৩, চৈত্র মাস। মেরামত ১৩৫৭। গ্রামবাসী ও ইউনিয়ন বোর্ড। সৈয়দ উদ্দিন সরকার, পিইউবি’।

স্থানীয় বাসিন্দা আব্দুর রব, শফিকুল ইসলাম, ছকিনা বেগমসহ অনেকে জানান, এই এলাকায় ব্রিটিশ আমলে পানির সংকট ছিল। আর সেই সংকট দূর করার জন্য মৃত ভোলা মামুদ নিজ উদ্যোগে আধাশতক জায়গায় একটি কুয়া তৈরি করেন। সেই থেকে আজ অবধি এই কুয়ার পানি শুকিয়ে যায়নি। এই কুয়ার পানি এখানকার মানুষ খাবার, গোসলসহ সাংসারিক কাজে এখনও ব্যবহার করে যাচ্ছে। বাংলাদেশ স্বাধীনতার ৪৮ বছর পরে সংস্কারের মাধ্যমে কুয়ার গা থেকে পাকিস্তান জিন্দাবাদ কথাটি মুছে ফেলায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

এ ব্যাপারে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন জানান, প্রাচীনতম কুয়াটি মেরামতের জন্য ২০১৭/১৮ অর্থবছরে বরাদ্দ আসে। চলতি বছরের জানুয়ারি মাসে দেড় লাখ টাকা ব্যয়ে এটি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। গত ১৫ দিন ধরে কুয়াটি সংস্কারের কাজ চলছে। এরই মধ্যেই ‘পাকিস্তান জিন্দাবাদ’ শব্দটি মুছে ফেলা হয়েছে। কয়েক দিনের মধ্যেই সংস্কারের কাজ শেষ করে ‘জয় বাংলা’ নামকরণ হবে।  এ বিষয়ে উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান জানান, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জীবন বাজি রেখে এদেশ স্বাধীন করেছি। সেই দেশের মাটিতেই যদি ‘পাকিস্তান জিন্দাবাদ’ শব্দটি থাকে এটা খুবই দুঃখজনক। তার পরেও স্বাধীনতার ৪৮ বছর পর কুয়ার গা থেকে পাকিস্তান জিন্দাবাদ শব্দটি মুছে ফেলায় উপজেলার মুক্তিযোদ্ধাদের মাঝে স্বস্তি ফিরেছে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুমা আরেফিন জানান, কুয়ার সংস্কারের কাজ চলছে। ‘পাকিস্তান জিন্দাবাদ’ লেখাটি মুছে ফেলা হয়েছে। সংস্কারের কাজ শেষ হলে ‘জয় বাংলা’ নামকরণ হবে।