মাত্র ছয় মাস হয়েছে, আরো কিছুদিন ভেতরে থাকুক

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০০:২৪

অর্থ পাচার মামলায় ঢাকার ওয়ান্ডারার্স ক্লাবের সেক্রেটারি জয় গোপাল সরকারের জামিন আবেদনের ওপর রায় ঘোষণা দুই মাস পিছিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, ক্যাসিনো কাণ্ডের ঘটনায় করা মামলাগুলো স্পর্শকাতর। আসামি মাত্র ছয় মাস কারাগারে আছেন। আরো কিছুদিন ভেতরে থাকুক। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই মন্তব্য করেন। একইসঙ্গে রায় ঘোষণার জন্য জামিন আবেদনটি দুই মাস স্ট্যান্ডওভারের আদেশ দেয় হাইকোর্ট।

জয় গোপালের আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, ‘আসামি বিরুদ্ধে কিছু একটা থাকলে তাকে আটকিয়ে রাখার সুযোগ ছিল। কিন্তু তার বিরুদ্ধে কিছুই পায় নাই। যদি পেত তাহলে আটকিয়ে রাখার সুযোগ ছিল।’ এ পর্যায়ে আদালত বলে, অর্থ পাচারের মামলায় আসামির কাস্টডি পিরিয়ড (হাজতবাস) কম। কামরুল ইসলাম বলেন, পিকে হালদার এবং হল মার্কের অর্থ পাচারের ঘটনা অনেক বড়। আদালত বলেন, সবার সহযোগিতা ছাড়া দুর্নীতি ও অর্থ পাচার রোধ করা সম্ভব নয়।

এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জামিনের বিরোধিতা করেন।

২০১৯ সালে দেশে ক্যাসিনো-বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে ক্যাসিনোকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে যুবলীগের বেশ কয়েক জন নেতাকে গ্রেফতার করা হয়। ঐ গ্রেফতারের তালিকায় ছিলেন ঢাকার ওয়ান্ডারর্স ক্লাবের সেক্রেটারি জয় গোপাল সরকার। তার বিরুদ্ধে ক্যাসিনোকাণ্ডে সম্পৃক্ত থেকে অর্থ পাচারের অপরাধে ছয়টি মামলা দায়ের করা হয়।