বরিশাল অফিস
সাত দফা দাবিতে এবং মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতিকে শ্রম আইন পরিপন্থীভাবে চাকরিচ্যুত করার প্রতিবাদে বরিশালে কর্মবিরতি পালন করেছে দোকান কর্মচারী ইউনিয়ন। বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর চক বাজার সড়কে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক আবুল বাশার আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনামুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট একে আজাদসহ অন্যরা।
বক্তারা বলেন, মালিকরা ইচ্ছা অনুযায়ী শ্রমিকদের চাকরি থেকে বরখাস্ত করেন, যা শ্রম আইনের সম্পূর্ণ পরিপন্থী। চার বছর ধরে স্বপন দত্ত স্বদেশী বস্ত্রালয়ে কাজ করে আসলেও মালিক মৃনাল কান্তি সাহা ৮ জানুয়ারি কোনো রকম আইনের তোয়াক্কা না করে তাকে বরখাস্ত করেছেন। তাই কর্মক্ষেত্রে নিশ্চয়তা, শ্রম আইনের যথার্থ বাস্তবায়নসহ ৭ দফার যথার্থ সমাধান না হলে পরবর্তীতে বৃহত্ কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।
ব্যাটারিচালিত রিকশার লাইসেন্সের দাবিতে বিক্ষোভ
বরিশালে বিকল্প কর্মসংস্থান ছাড়া ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ না করা, রিকশার ব্যাটারি ভাঙচুর, শ্রমিকদের হয়রানী এবং নির্যাতন বন্ধ করাসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ হয়েছে। বুধবার নগরীর প্রান কেন্দ্র সদর রোডে এই কর্মসূচি পালন করেছে ব্যাটারিচালিত রিকশা শ্রমিক মালিক-সংগ্রাম কমিটি, বরিশাল মহানগর রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক দল (বাসদের) জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চত্রবর্তী, ইউনাইটেড কমিউনিস্ট লীগ নেতা অধ্যাপক জলিলুর রহমান, বাংলাদেশ নৌযান ফেডারেশন সভাপতি আবুল হোসেন মাস্টার প্রমুখ। বক্তারা বলেন, বরিশাল নগরীতে প্রায় ১০ হাজার ব্যাটারিচালিত রিকশা শ্রমিক পরিবারে অর্ধলক্ষাধিক সদস্য রয়েছে। এসব রিকশা অবৈধভাবে উচ্ছেদ না করে প্রয়োজনীয় ডিজাইন পরিবর্তনের মাধ্যমে নির্দিষ্ট সড়কে চলাচলের ব্যবস্থা করার লাইসেন্স দেয়ার জন্য সিটি মেয়রসহ প্রশাসনের প্রতি আহবান জানান বক্তারা। এর আগে নগরীর ফকিরবাড়ি রোডস্থ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রিকশা শ্রমিকরা।
