প্রকৃতিজুড়ে বসন্তের ছোঁয়া। সেইসঙ্গে চলছে ভাষার মাস। সবার মনেই আনন্দ আর বেদনা জাগ্রত। আর এই সময়ে পরিবারের সদস্যদের জন্য নাস্তার স্বাদে বৈচিত্র্য আনতে ঘরেই তৈরি করতে পারেন ভিন্নরকম পদ। রেসিপিগুলো দিয়েছেন রন্ধনশিল্পী সাবিনা ইয়াসমিন জেসিকা
কাউনের চালের পায়েস
উপকরণ :কাউনের চাউল ১/২ কাপ, কুড়ানো নারকেল ১/২ কাপ, চিনি ১/২ কাপ, দুধ ১ লিটার, এলাচ ২টি, আদা স্লাইস ২ পিস, দারুচিনি ১টি, গুঁড়াদুধ ২ টেবিল চামচ।
প্রণালি :কাউনের চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। এবার একটি হাড়িতে তরল দুধ, গুঁড়া দুধ, আদা ও দারুচিনি এলাচ দিয়ে ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফুটে উঠলে ভিজিয়ে রাখা চাল দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এবার নারকেল এবং চিনি দিয়ে ঘন করে রান্না করতে হবে। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজার কাউনের পায়েস।
খেজুর গুড়ের দুধ-পুলি পিঠা
উপকরণ :চাল ১ কাপ, লবণ ১/২ চা চামচ, পানি ১ কাপ। কুড়ানো নারকেল ১ কাপ, খেজুর গুড় ১/৩ কাপ, গুঁড়া দুধ ১/৪ কাপ, দারুচিনি ১টি, এলাচ ২টি। তরল দুধ ২ লিটার, গুঁড়া দুধ ১ কাপ, খেজুর গুড় ১/২ কাপ, দারুচিনি ১টি, এলাচ ২টি।
প্রণালি :প্রথমে কাই তৈরি করে ঢেকে রাখতে হবে। এবার চুলায় অন্য প্যান গরম করে এতে নারকেল কুড়ানো, দারুচিনি, এলাচ, খেজুর গুঁড় দিয়ে ৪-৫ মিনিট রান্না করতে হবে। এবার এতে গুঁড়া দুধ দিয়ে নেড়ে নামিয়ে রাখতে হবে। তারপর চুলায় একটি হাড়ি বসিয়ে তাতে তরল দুধ নেড়ে জ্বাল করে ঘন হয়ে এলে চুলা বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে। দুধ কুসুম গরম অবস্থায় গুড় মিশিয়ে নিতে হবে। এবার তৈরি করে রাখা চালের গুঁড়ার ডো/কাই থেকে রুটি বেলে নিতে হবে। তারপর গোল যে কোনো কাটার দিয়ে কেটে নিতে হবে। এবার একটি রুটির উপর ১ চামচ পুর দিয়ে অন্য একটি রুটি দিয়ে ঢেকে চারপাশ চেপে চেপে বন্ধ করে দিতে হবে। এভাবে সবগুলো পিঠা বানানো হলে দুধের সিরায় পিঠাগুলো দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে ১৫ মিনিট। এবার ঠান্ডা করে পরিবেশন করুন মজার পুলি পিঠা।
