টেকেরহাটে চিকিত্সা সেবার নামে প্রতারণা
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
টেকেরহাট বন্দরের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়ে মাদারীপুর র্যাবের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত তিন প্রাইভেট হাসপাতালের মালিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও এক মালিককে আর্থিক জরিমানা করেন। বুধবার মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে চারটি প্রাইভেট হাসপাতালে অভিযান পরিচালনাকালে ভুয়া ডাক্তার, ভুয়া রোগ নির্ণয় পরীক্ষা সনদ ও ডাক্তারের ভুয়া সিলসহ নানা অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিল মম ও রেক্সোনা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।
মাদারীপুর র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মোঃ রইসউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে টেকেরহাট বন্দরের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিত্সার নামে প্রতারণা চলে আসছিল। এমন অভিযোগ পেয়ে বুধবার টেকেরহাট বন্দরের চারটি প্রাইভেট হাসপাতালে র্যাবের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব হাসপাতাল নানা অনিয়মে জর্জরিত। নেই সার্বক্ষণিক ডাক্তার। নেই প্রশিক্ষিত নার্স, পল্লি চিকিত্সকই আবাসিক ডাক্তারের ভূমিকা পালন করে আসছিল।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিল মম জানান, জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াহিদুল ইসলামের নির্দেশনায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় টেকেরহাট সিটি প্রাইভেট হাসপাতালের অন্যতম মালিক মোঃ রফিকুল ইসলামকে তিন মাস, রোকেয়া প্রাইভেট হাসপাতালের মালিক মনিরুজ্জামান মনিরকে ছয় মাস ও বাকচী ডেন্টাল কেয়ারের মালিক ভুয়া ডাক্তার সুবীর বাকচীকে একবছর কারাদণ্ড এবং অনিয়মের অভিযোগে ইউএস মডেল প্রাইভেট হাসপাতালের মালিক সৈয়দ সোহেলকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয় ।
