ধামরাই (ঢাকা) সংবাদদাতা
উপজেলা নির্বাচনকে সামনে রেখে ধামরাইয়ে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। আত্মপ্রকাশ করছেন সম্ভাব্য প্রার্থীরা। গেলবারের উপজেলা নির্বাচনে নিকটম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর সঙ্গে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক অ্যাড. সোহানা জেসমিন মুক্তা বর্তমানে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামীতে তিনি আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী। এ বিষয়ে মতবিনিময়কালে সোহানা জেসমিন জানান, তাঁর বাবা প্রয়াত মোহসীন উজ্জামান ১৯৬২ সালের আইয়ুব বিরোধী আন্দোলনের সময় আওয়ামী ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বাবার আদর্শ ও অনুপ্রেরণায় তিনিও আওয়ামী ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আরো বলেন, বাবার আদর্শ, অনুপ্রেরণা হলেও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের দুইবার নির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমেদ আমার রাজনৈতিক গুরু। বর্তমানেও আমি তার রাজনৈতিক ছায়াতলে আছি। উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে যতটুকু সম্ভব ততটুকু কাজ করেছি। কাজেই আগামী উপজেলা নির্বাচনে সকলের সমর্থন ও সহযোগিতা নিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিনি।
