ক্লাবটি যেন ছোটখাটো এক হাসপাতাল। ইনজুরির কারণে মাঠের বাইরে অধিনায়ক সার্জিও রামোস, এডেন হ্যাজার্ড, দানি কারভাহালের মতো বাঘা বাঘা ফুটবলাররা। তার পরও রিয়াল মাদ্রিদ ছুটছে আপন গতিতে। লিগে টানা তৃতীয় জয়ের ম্যাচে ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। এস্তাদিও ডি স্টেফানো স্টেডিয়ামে ম্যাচের দুটি গোলই আসে প্রথমার্ধে। ১২ মিনিটে টনি ক্রুসের পাস থেকে কোনাকুনি শটে জালের ঠিকানা খুঁজে নেন করিম বেনজেমা। লিড ধরে রেখে ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুন করে রিয়াল। এবার গোলদাতা ক্রুস। লুকাস ভাসকেজের পাস থেকে নিচু শটে দলকে ফের উল্লাসে ভাসান তিনি। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে পিয়েরি এমেরিক অবামেয়াং-য়ের হ্যাটট্রিকে লিডসকে ৪-২ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। অন্যদিকে অবনমন অঞ্চলের ওয়েস্ট ব্রমের মাঠে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
