পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে সরব আওয়ামী লীগ

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২২:১০

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

৫ম উপজেলা পরিষদ নির্বাচন ঘোষণার পর থেকেই জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছেন অনেকেই।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা মাঠে সরব। তারা দলীয় মনোনয়নের জন্য জেলা ও কেন্দ্রে লবিং শুরু করেছেন। তৃণমূলের দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়সহ নিজেকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা দিয়ে উপজেলার বিভিন্ন হাট-বাজারে গিয়ে ভোটারদের কাছে লিফলেট বিতরণ, কুশল বিনিময়ের পাশাপাশি দেওয়া হচ্ছে নানা প্রতিশ্রুতিও।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে প্রার্থিতার আবেদন। সম্ভাব্য প্রার্থীদের নিকটাত্মীয়, শুভানুধ্যায়ী ও অনুগত নেতাকর্মীরা প্রার্থীর জন্য ফেসবুকে চালাচ্ছেন প্রচারণা।

দলীয় তৃণমূলের গোপন ভোটে নির্বাচিত ৪র্থ উপজেলা নির্বাচন-২০১৪ চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আঃলীগের যুগ্ম সম্পাদক আবু সাঈদ আল মাহবুব চন্দনসহ ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সংগ্রামী কৃষকনেতা মরহুম মির শহীদ মণ্ডলের পুত্র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল শহীদ মুন্না, কৃষকলীগ উপজেলা শাখার যুগ্ম আহবায়ক ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট্রান ঐক্য পরিষদের উপজেলা শাখার সম্পাদক সুভাষ চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মণ্ডল এবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসাবে নাম শোনা যাচ্ছে।

ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা রিক্সাভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের সম্পাদক খালেকুল ইসলাম বকুল, উপজেলা যুবলীগের সাবেক সম্পাদক ও উচাই জেরকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ ফরহাদ আলম জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন মণ্ডল, উপজেলা প্রচার ও প্রচারণা বিষয়ক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, পৌর আঃলীগের যুগ্ম সম্পাদক মোঃ গোলাম আকবর ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন সাবেক কাউন্সিলর এবং পৌর আওয়ামী লীগের দমদমা ওয়ার্ডের মহিলা বিষয়ক সম্পদীকা রাজিনারা আক্তার টুনি প্রার্থী হিসাবে প্রচারণা চালাচ্ছেন।

নির্বাচন বিষয়ে জামায়াত নেতা ও উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। উপজেলার নির্বাচনের ব্যাপারে কেন্দ্র থেকে কোনো সিদ্ধান্ত হয়নি। থানা বিএনপি যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম ডালিম জানান, দলের মহাসচিব উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারেই ইঙ্গিত দিয়েছেন। উপজেলা জাতীয় পার্টির সম্পাদক গোলাম ফেরদৌস মণ্ডল চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। ২০১৪ সালের নির্বাচনে চেয়ারম্যান ও ২টি ভাইস চেয়ারম্যান পদের ৩ টিতেই জামায়াত-বিএনপি প্রার্থী জয়লাভ করেছিল।