মিসরের পুরাতত্ত্ববিদরা প্রায় ৫০০০ বছর আগের একটি বিয়ার কারখানা খুঁজে পেয়েছেন যা হয়তো হতে পারে এ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন। মরুভূমির মাঝখানে প্রাচীন আবিদোস শহরের একটি কবরস্থানের কাছে এই বিয়ার উত্পাদনের কারখানা আবিষ্কার করেছে একটি মিসরীয়-আমেরিকান দল। সেখানে প্রায় ৪০টি পাত্র পাওয়া গেছে যাতে বিয়ার তৈরির জন্য যবজাতীয় শস্য ও পানি গরম করা হতো। খবর বিবিসির
মিসরের পুরাতত্ব বিষয়ক সুপ্রিম কাউন্সিলের মহাসচিব মোস্তফা ওয়াজিরি বলেন, প্রায় ২০ মিটার দৈর্ঘ্যের ৮ টি বড় বড় এলাকা নিয়ে কারখানাটি তৈরি এবং প্রতিটিতে ৪০ টি করে মাটির পাত্র দুই সারিতে সাজানো ছিল। কাউন্সিল বলছে, মদ তৈরির কারখানাটি সম্ভবত রাজা নারমারের সময়কার যিনি ৫০০০ বছর আগে রাজত্ব করতেন। রাজা নারমার প্রথম রাজবংশের প্রতিষ্ঠাতা এবং মিসরকে তিনিই একত্রিত করেছিলেন বলে মনে করা হয়। কাউন্সিল বলছে, তারা মনে করছেন যে এটিই হয়তো পৃথিবীর সবচেয়ে পুরানো উচ্চমাত্রার উত্পাদনশীল বিয়ারের কারখানা। মনে করা হচ্ছে যে এখানে হয়তো একবারে প্রায় ২২ হাজার ৪০০ লিটার বা ৫০০০ গ্যালন বিয়ার উত্পাদিত হতো।
অনুসন্ধানী মিসরের সহ-প্রধান এবং নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ববিদ ম্যাথিউ এ্যাডামস বলছেন, মিসরের রাজাদের শেষকৃত্যের সময় বিভিন্ন আচার-অনুষ্ঠানের জন্য বিয়ার সরবরাহ করতেই হয়তো এ কারখানাটি বানানো হয়েছিল। আবিদোস হচ্ছে প্রাচীন মিসরের সবচেয়ে পুরানো শহরগুলোর অন্যতম। এতে বিশাল বিশাল সমাধিক্ষেত্র এবং মন্দির পাওয়া গেছে।
