কচুয়ায় গৃহবধূ মৃত্যুর ঘটনার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২২:১৫

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের প্রবাসী রুবেলের স্ত্রী শান্তা আক্তারের মৃত্যুর ঘটনাকে হত্যা দাবি করে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কচুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। বিক্ষোভকরীরা পৌর বাজার হয়ে থানার সামনে গিয়েও একই দাবিতে বিক্ষোভ মিছিল করে। এই সময় থানার সেকেন্ড অফিসার আল-আমিন ওসির পক্ষ থেকে ন্যায়বিচারের আশ্বাস দিয়ে বিক্ষোভকারীদেরকে শান্ত করেন।

বিক্ষোভকারীরা সাংবাদিকদের জানান, শান্তাকে তার শ্বশুর পক্ষের লোকজনরা পরিকল্পিতভাবে গত ১৭ জানুয়ারি হত্যা করে অপমৃত্যু বলে প্রচারণা চালায়। থানা পুলিশ গত ১৭ জানুয়ারি সকালে স্বামী গৃহ থেকে শান্তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ বলছে, শান্তার মরাদেহে তাকে হত্যা করা হয়েছে এমন কোন স্পষ্ট চিহ্ন না পাওয়ায় অপমৃত্যু মামলা রুজু করে ময়না তদন্তের জন্য লাশ চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রির্পোটের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।