সুখ-দুঃখের বার্তা নিয়ে প্রতিবছরই আসে ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে শহরজুড়ে নানান রঙিন আয়োজন করা হয়। ২০১৬ সাল থেকে ভালোবাসা দিবসটা একদল তরুণ ভিন্নভাবে পালন করছে। গত পাঁচ বছর ধরে তারা ভালোবাসা দিবসে শিশুদের নিয়ে আয়োজন করছে ‘হাসিমুখ’। এবছর মিরপুরের একটা বস্তির প্রায় দেড়শ শিশুকে নিয়ে ভালোবাসা দিবসে দিনব্যাপী এক ভিন্নরকম আয়োজন করেছিল তারা। আয়োজনে শিশুদের সঙ্গে আড্ডায়, গানে, খেলাধূলায় মেতে উঠে আয়োজকরা। পথশিশুদের নিয়ে দুপুরে হয় ভোজন পর্ব। তারপর বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয় শিশুদের, যারাই সঠিক উত্তর দিতে পেরেছে তাদের জন্য ছিল উপহার সামগ্রী। আয়োজনে একাধিক কর্মশালার আয়োজন করা হয় শিশুদের জন্য। বিষয়গুলো হচ্ছে বাল্যবিবাহ রোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব, আত্মরক্ষার কৌশল। আলোচক হিসেবে ছিলেন সাবরিনা খান, দিদারুল ভূঁইয়া, সুরাইয়া সিদ্দিকী প্রমুখ। কর্মশালায় তারা শিশুদের বিভিন্ন বিষয়ে জানিয়েছেন।
এই আয়োজনের নেপথ্যে থাকা মানুষটি হচ্ছেন আশিক বিন আমির। যিনি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন প্রায় দশ বছর। বর্তমানে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশে গণযোগাযোগ বিভাগে পড়াশোনা করছেন তিনি। ২০১৪ সালে ‘পরিবর্তন চাই’ সামাজিক সংগঠনের হাত ধরে স্বেচ্ছাসেবী কাজে যুক্ত হন আশিক। পরবর্তী সময়ে নিজ উদ্যোগে ‘হাসিমুখ’ অনুষ্ঠান আয়োজন করে বিভিন্ন দিবসে পথশিশুদের নিয়ে। ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, ‘আমরা সামনের দিনগুলোতে শিশুদের নিয়ে বিরাট আয়োজন করতে চাই। আমরা চাই প্রতিটি শিশু বিশেষ দিনগুলোতে আমাদের সঙ্গে আনন্দ মেতে উঠুক। আমাদের ইচ্ছে একসময় প্রতিটি পথশিশুকে নিয়ে এই আয়োজন করার।
