বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহতের ঘটনায় বিএনপির উদ্বেগ

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২২:১৭

ইত্তেফাক রিপোর্ট

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রাতে এক বিবৃতিতে গত চারদিনে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ-ভারত সীমান্তে ২ জন নিরীহ বাংলাদেশি বিএসএফ-এর গুলিতে নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সীমান্তে বাংলাদেশি হত্যা অব্যাহত আছে। কয়েক বছর আগে বাংলাদেশের সঙ্গে ভারতের এক বৈঠকের পর বলা হয়েছিল, এখন থেকে আর সীমান্ত এলাকায় বাংলাদেশিদের হত্যা করা হবে না। কিন্তু বাস্তবে এই সিদ্ধান্তের কোনো প্রতিফলন দেখা যায়নি। দশকের পর দশক ধরে বাংলাদেশিদের হত্যার ধারাবাহিকতা এখন পর্যন্ত পুরোদমে চলছে। বাংলাদেশ সরকার সীমান্তে রক্ত ঝরানো বন্ধ করতে পারেনি। আওয়ামী লীগের কখনোই কথার সঙ্গে কাজের মিল নেই।