উয়েফা চ্যাম্পিয়নস লিগ
স্পোর্টস ডেস্ক
নিজ দেশে সর্বেসর্বা জুভেন্তাস চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারকে দলে ভিড়িয়েছিল সম্ভবত ঐ এক কারণেই দীর্ঘদিন ধরে অধরা মহাদেশীয় শিরোপাটি ঘরে আনতে। সেই শিরোপার দৌড়ে আজ আবার মাঠে নামছে ‘তুরিনের বুড়িরা’। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলর প্রথম লেগে আজ এফসি পোর্তোর মুখোমুখি হবে রোনালদোরা।
রিয়াল মাদ্রিদকে টানা তিন চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতিয়ে জুভেন্তাসে যোগ দিয়েছিলেন রোনালদো। প্রতিশ্রুতি ছিল একটিই, এর আগের কয়েক মৌসুম ধরে কাছাকাছি এসেও শিরোপা বঞ্চিত হওয়া ইতালীয়ান দলটিকে দিবেন তার প্রিয় শিরোপার স্বাদ। তবে গত দুই মৌসুমেই অপেক্ষাকৃত খর্বশক্তির দুই দলের (২০১৮তে আয়াক্স ও ২০১৯-এ লিওঁ) কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে রেকর্ড সংখ্যক ইতালীয়ান শিরোপা জেতা দলটি। যার ফলশ্রুতিতে বহিষ্কৃত হয়েছেন তত্কালীন দুই ম্যানেজারই। এবার যেন তার পুনরাবৃত্তি না হয়, সেই আশাই করবেন ম্যানেজার আন্দ্রেয়া পিরলো।
পোর্তোর ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এই ম্যাচ খেলতে হয়তো একটু বেশিই মুখিয়ে থাকবেন রোনালদো। ক্লাব নিয়ে নিজ দেশ পর্তুগালে ফিরছেন অনেকদিন পর। আর চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে এখনো পর্যন্ত নিজের সেরাটা দেখাতে পারেননি। এই ম্যাচ দিয়েই তাই আবার হুঙ্কার তুলতে পারেন এই পর্তুগিজ। অবশ্য এতোটা হেলাফেলার দলও আবার পোর্তো না। রোনালদোর প্রাক্তন সতীর্থ পেপের নেতৃত্বে পোর্তোর রক্ষণ এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে এখনো কোনো গোল খায়নি একটিও। রোনালদোর সামনেও সেই রক্ষণ অভেদ্য থাকবে কি না, সেটাই দেখার বিষয় এখন। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলর অন্য ম্যাচে এদিনে ইউরোপা চ্যাম্পিয়ন সেভিয়া আতিথ্য দিবে বরুশিয়া ডর্টমুন্ডকে।
