বাংলাদেশে ইফাদের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানালেন অর্থমন্ত্রী

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:৪৩

বাংলাদেশে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ইফাদের প্রেসিডেন্ট গিলবার্ট এফ হাউনবোর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অর্থমন্ত্রী এ আহ্বান জানান। ইফাদের ৪৪তম গভর্নিং কাউন্সিল ভার্চুয়াল সভার প্রাক্কালে গতকাল মঙ্গলবার এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিগত ১০ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন বিশেষ করে কৃষি, শিল্প, বাণিজ্য ও সেবা খাতের উন্নয়নের বিষয়টি তুলে ধরেন। গ্রামীণ অর্থনীতি তথা কৃষি, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন সংশ্লিষ্ট প্রকল্পসমূহে ইফাদের অনুদান সহায়তা তথা সহজ শর্তে ঋণ প্রদান, ভবিষ্যতে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলার জন্য জিইএফ, জিসিএফ এবং অন্যান্য উন্নয়ন সহযোগী তহবিল থেকে বাংলাদেশে অর্থায়নের জন্য ইফাদকে অনুরোধ জানানো হয়।

সভায় বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ১৯৭৯ সালে বাংলাদেশ ইফাদের সদস্য পদ পাওয়ার পর থেকে বাংলাদেশে ইফাদের মোট ক্রমপুঞ্জিত বিনিয়োগের পরিমাণ ২৩০ কোটি ডলার। ইফাদ এ পর্যন্ত বাংলাদেশের ৩৪টি প্রকল্পে ঋণ ও অনুদান সহায়তা প্রদান করেছে। এ বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি তথা ১ কোটি ১৭ লাখ পরিবার উপকৃত হয়েছে।

বৈঠকে ইফাদ প্রেসিডেন্ট ২০৩০ সালের মধ্যে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত পৃথিবী গড়ার প্রত্যয়ে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। অর্থমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উদ্যাপনের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ইফাদের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান।