বসুন্ধরায় বিধ্বস্ত আবাহনী

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২২:২১

নীলফামারীতে ফ্লাডলাইটের প্রতিশ্রুতি

  মো. শীষ রহমান, নীলফামারী প্রতিনিধি

বিপুল দর্শক উপস্থিতিতে বসুন্ধরা কিংস গতকাল বুধবার নিজেদের হোম ভেন্যুতে দুর্দান্ত খেলে পেশাদার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে হারিয়ে দিয়েছে।

স্থানীয় শেখ কামাল স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ৩-০ গোলে হারায় আবাহনীকে। বিরতির আগে দেওয়া নাসিরউদ্দিন চৌধুরীর গোলে স্বাগতিকরা প্রথমার্ধেই ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। এরপর ৫৯ মিনিটে মতিন মিয়া ও ৬৯ মিনিটে তৃতীয় ও শেষ গোলটি করেন কোস্টারিকার হয়ে রাশিয়া বিশ্বকাপ খেলা ফরোয়ার্ড দানিয়েল কলিন্দ্রেস সোলেরা।

বড় বাজেটের দল বসুন্ধরা কিংস এ নিয়ে দুই খেলায় দুটিতেই জয় পেল। বিপিএলে নবাগত দলটি নিজেদের প্রথম খেলায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে শুরু করেছিল।

আবাহনী কয়েকবার গোলের সুযোগ পেলেও তা হাতছাড়া হয়ে যায়। দ্বিতীয়ার্ধে হ্যান্ডবলের কারণে পেনাল্টি পেয়েও আবাহনীর নাইজেরিয়ান খেলোয়াড় সিজোবা নাওয়াদিয়ালু তা থেকে গোল করতে না পারায় হতাশ হয় আবাহনী সমর্থকরা। চিজোবা বলটি পোস্টের বাইরে মারেন।

শিরোপাধারীরা নিজেদের প্রথম খেলায় নবাগত নোফেল স্পোর্টিংকে হারালেও দ্বিতীয়টিতে এসে জয় অব্যাহত রাখতে পারলো না।

উভয় দলে বিদেশি খেলোয়াড় থাকায় দর্শকরা তা ভালোই উপভোগ করেন। দর্শক গ্যালারিতে নারী দর্শনার্থীদের উপস্থিতি ছিল ভালো। কালকের এ খেলাটি বিকাল তিনটায় শুরু হলেও দর্শকরা স্টেডিয়ামে আসতে থাকেন দুপুর ১২টা থেকেই। প্রায় ১৫ হাজার দর্শক উপভোগ করেন বিপিএলের শক্তিশালী দল দুটির এ খেলা। 

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন বলেন, নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে আরও ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দেশের ছয় জেলাতে বিপিএল অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি।

এই খেলাটির সুবাদে নীলফামারীতে আসলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি জানান, আন্তর্জাতিক মানসম্পন্ন শেখ কামাল স্টেডিয়ামের আরও উন্নয়নে বরাদ্দ প্রদান ছাড়াও রাতের বেলা যাতে খেলা অনুষ্ঠিত হয় এজন্য ফ্লাডলাইটেরও ব্যবস্থা করা হবে।

গতকাল তিনি খেলাটির মধ্য দিয়ে বসুন্ধরা কিংসের হোম ভেন্যু নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে দেশের ফুটবলের বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পর্বের উদ্বোধন করেন তিনি। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, ফিফা কাউন্সিলের সদস্য মাহফুজা আখতার কিরণ, বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, বসুন্ধরা কিংস’র সভাপতি ইমরুল হাসান ও সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া সংস্থা সূত্র জানায়, বিপিএল’র ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে শেখ কামাল স্টেডিয়ামে। নীলফামারী ছাড়াও দেশের ছয়টি জেলায় অনুষ্ঠিত হচ্ছে এ লীগ।