যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বয়ে যাওয়া তুষার ঝড়ে বিপর্যস্ত লাখ লাখ মানুষ। এ অঞ্চলে রেকর্ড পর্যায়ে নিম্ন তাপমাত্রা বিরাজ করছে। টর্নেডোয় অন্তত ৩ জনের প্রাণহানি হয়েছে বলেও জানা গেছে। এছাড়া ঝড়ের কারণে টেক্সাসের রাজধানী শহর অস্টিনের তাপমাত্রা আলাস্কার বৃহত্তম শহর অ্যাঙ্কোরেজের চেয়েও নিচে নেমে এসেছে।
এনবিসি নিউজের বরাতে জানা যায়, সবচেয়ে পর্যুদস্ত অবস্থা টেক্সাসে। সেখানে তাপ উৎপাদনকারী একটি গাড়ি থেকে কার্বন মনো অক্সাউড নির্গত হয়ে একজন নারী ও একজন কিশোরী মারা গেছেন।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, টেক্সাস, লুসিয়ানা, আলাবামা ও নিউ মেক্সিকোর ওপর দিয়ে বয়ে যাওয়া তুষার ঝড়ে সেসব রাজ্যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেখানকার মহাসড়কগুলোতে বরফ জমে দুর্ঘটনা ঘটছে। টেক্সাস, কেন্টাকি ও মিসৌরিতে ঝড় ও সড়ক দুর্ঘটনার কারণে এ পর্যন্ত ২০ জনেরও বেশি লোকের প্রাণহানি হয়েছে।
দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ চার্লস রস সংবাদমাধ্যমকে বলেছেন, ‘হিউস্টনে বরফ পড়ছে। পেনসিলভেনিয়াতে বৃষ্টি হতে পারে।’ গত ৩২ বছরে এই প্রথম অস্টিনে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছে এবং ৫৫ বছর পর সেখানে এক রাতে ৬ দশমিক ৪ ইঞ্চি পুরু বরফ পড়েছে। টেক্সাসে হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়ায় সরকারি কর্মকর্তারা জনগণকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।
ইত্তফাক/এএইচপি

