প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ২০:২৩

মাত্র এক সপ্তাহে ৯ হাজার ৫৮৯ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। এ সময়ে দেশটিতে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের ১১ হাজার ৫৮৭টি ঘটনা শনাক্ত করেছে কর্তৃপক্ষ। 

রোববার (৮ নভেম্বর) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, শনাক্ত হওয়া আইন লঙ্ঘনের ঘটনাগুলোর মধ্যে ৬ হাজার ৪৩টি আবাসন আইনসংক্রান্ত। এ ছাড়া ৩ হাজার ১৯১টি সীমান্ত নিরাপত্তা এবং ২ হাজার ৩৫৩টি শ্রম আইন লঙ্ঘনের ঘটনা রয়েছে।

এসপিএ জানায়, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৬৭৮ জনকে আটক করা হয়েছে। একইভাবে অবৈধ পথে দেশ ছাড়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও ১৮ জনকে।

এ ছাড়া আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা কাজে নিয়োগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

বর্তমানে সৌদি আরবে মোট ৪১ হাজার ১০৬ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাদের মধ্যে ৩৮ হাজার ৮১৩ জন পুরুষ এবং ২ হাজার ২৯৩ জন নারী।

আটক ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। অন্যদিকে, ৯ হাজার ১৩৯ জনকে দ্রুত সৌদি আরব ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। এরই মধ্যে ৯ হাজার ৫৮৯ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর সতর্কবার্তাও দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, কেউ অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা করলে, তাদের পরিবহন বা আশ্রয় দিলে কিংবা অন্য কোনোভাবে সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। পাশাপাশি গুনতে হতে পারে ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা।

এ ধরনের অপরাধে ব্যবহৃত যানবাহন এবং আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও বাজেয়াপ্ত করার বিধান রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সূত্র: গালফ নিউজ

 

ইত্তেফাক/এবিএস