অধিনায়কের ইচ্ছায় ওয়ানডে দলে সাব্বির

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২২:২৫

স্পোর্টস রিপোর্টার

গল্পের প্লটটা তৈরিই ছিল। তবে হুট করে বানানো বলেই কিনা কেউ ধাতস্থ হয়ে উঠতে পারেননি পুরোপুরি। গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে যেমন সাংবাদিকদের প্রশ্নবাণে ধৈর্য হারিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সংবাদ সম্মেলনের পর দেখা হলেও সাংবাদিকদের সামনে মুখ খুললেন না ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।

গল্পটা সাব্বির রহমানকে নিয়ে। শাস্তি কমিয়ে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে ফেরানো হয়েছে বাংলাদেশের ক্রিকেটের ‘ব্যাড বয়’কে। গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক। সাব্বিরের মতোই দলে ফিরেছেন তাসকিন আহমেদ। দলে নতুন মুখ অফ স্পিনার নাঈম হাসান। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজের দল থেকে বাদ পড়েছেন ইমরুল কায়েস, আরিফুল হক ও আবু হায়দার রনি।

মিরপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনের পুরোটা জুড়েই থাকল সাব্বির প্রসঙ্গ। গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে এই তরুণকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছিল বিসিবি। যার মেয়াদ শেষ হওয়ার কথা ২৮ ফেব্রুয়ারি। কিন্তু গতকাল প্রধান নির্বাচক বলেছেন, ৩১ জানুয়ারি শেষ হয়েছে শাস্তির মেয়াদ।

তিনি বলেছেন, ‘এটা তো ডিসিপ্লিনারি কমিটির ব্যাপার। জানুয়ারির ৩১ তারিখের পর  থেকে সে অ্যাভেলেভল। এটা আপনাদের বলা হয়নি, ওর শাস্তি এক মাস কমিয়ে আনা হয়েছে। সুতরাং ওভাবেই আমরা চিন্তা করে তাকে নিয়েছি।’

 মিনহাজুল আবেদীন নান্নু স্পষ্ট করেই বলেছেন, ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ইচ্ছাতেই দলে নেওয়া হয়েছে সাব্বিরকে। তিনি বলেন, ‘আমি পরিষ্কার করে দেই। এটা সম্পূর্ণ আমাদের অধিনায়কের পছন্দের। ও খুব জোরালোভাবে আমাদেরকে দাবি জানিয়েছে। এবং আমরা দুজনই এই পক্ষে সম্মত হয়েছি। ওরা এমন একজনকে চাচ্ছে যারা লোয়ার মিডল অর্ডারে ফাস্ট বোলারকে সামলাতে পারবে। বিশ্বকাপের প্ল্যান করে, নিউজিল্যান্ডের প্ল্যান করেই ওকে নেওয়া হচ্ছে। দেখা যাক, অধিনায়ক যথেষ্ট আত্মবিশ্বাসী তার ব্যাপারে। আমিও আশাবাদী সে ফিরে আসবে।’

প্রধান নির্বাচকের দৃষ্টিতে, আবারো রানে ফিরছেন সাব্বির। সম্প্রতি বিপিএলে ৮৫ রানের ইনিংস খেলেছেন তিনি। তবে শৃঙ্খলার বিষয়ে এই ক্রিকেটারের কতটা উন্নতি হয়েছে জানতে চাইলে তিনি বলেছেন, ‘আমরা তো ভালোই দেখছি। এখন বিপিএল খেলছে। বাকিটা পরে বোঝা যাবে।’

জিম্বাবুয়ের বিরুদ্ধে রানের ফোয়ারা বইয়ে দেওয়া ইমরুলের বাদ পড়াটা কিছুটা বিস্ময় হয়ে ঠেকেছে সবার কাছে। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচ খেলে ভালো করতে পারেননি তিনি। বাঁহাতি এই অভিজ্ঞ ওপেনারের বাদ পড়ার বিষয়ে প্রধান নির্বাচক বলেছেন, ‘বর্তমান ফর্ম ও কন্ডিশন চিন্তা করে ওকে বাদ দেওয়া হয়েছে। আমাদের বিশ্বকাপের জন্য ৩২ জনের যেই পুল আছে তাদের মধ্যেই আছে। তিন ওয়ানডের জন্য যারা যাচ্ছে তাদেরকেও দেখতে হবে, যারা এখানে থাকবে তাদেরকেও প্রস্তুত করা হবে।’

তরুণ নাঈম হাসান ও বিপিএলে ভালো করা তাসকিনকে নিয়ে আশাবাদী নির্বাচকরা। গতির কারণে তাসকিনকে প্রাধান্য দেওয়া হয়েছে শফিউলের আগে। আর নিউজিল্যান্ড দলে কয়েকজন বাঁহাতি ব্যাটসম্যান থাকায় সুযোগ দেওয়া হয়েছে নাঈমকে। 

নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ

ওয়ানডে দল:

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাঈম হাসান।

ঢুকলেন          : সাব্বির রহমান, তাসকিন আহমেদ

বাদ               : ইমরুল কায়েস, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, আরিফুল হক

নতুন মুখ         : নাঈম হাসান