শীর্ষ অভিনেত্রী হওয়ার পথে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫০

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

বলিউডে ফিল্মি পরিবার থেকে আসা ছেলেমেয়েরা বিখ্যাত বাবা মায়ের প্রভাব প্রতিপত্তিকে কাজে লাগিয়ে খুব সহজে প্রতিষ্ঠা পেয়ে যান। নায়ক-নায়িকা হিসেবে দ্রুত এগিয়ে যান মেধা ও যোগ্যতার ঘাটতি থাকলেও। তেমন অভিযোগ দীর্ঘদিনের হলেও আলিয়া ভাটের ক্ষেত্রে তা মোটেও প্রযোজ্য নয়। ২৭ বছর বয়সী এই তন্বী অভিনেত্রী তার ৮ বছরের ক্যারিয়ারে সেরা অভিনয় কর্মের স্বীকৃতি হিসেবে চারবার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। তিনি বর্তমানে বলিউডের উচ্চ পারিশ্রমিক পাওয়া সেরা এবং ব্যস্ত অভিনেত্রীদের একজন। আলিয়া ভাটের কারণে অনেক দর্শক তার অভিনীত সিনেমাটি বেশ আগ্রহ নিয়ে দেখেন। তার আট বছরের অভিনয় জীবনে যেসব সিনেমা মুক্তি পেয়েছে প্রতিটিতেই তার অভিনয় সৌকর্ষ দর্শক-সমালোচকদের বিপুল প্রশংসা অর্জন করেছে। হাইওয়ে, টু স্টেটস, শানদার, উড়তা পাঞ্জাব, হাম্পটি শর্মা কি দুলহানিয়া, কাপুর অ্যান্ড সন্স, ডিয়ার জিন্দেগি, বদ্রিনাথ কি দুলহানিয়া, রাজি, গাল্লি বয়, কলঙ্ক, সড়ক টু প্রভৃতি সিনেমায় তার যোগ্যতার প্রমাণ মিলেছে বার বার। একজন সু-অভিনেত্রী হিসেবে সব শ্রেণি ও সব বয়সী দর্শকের আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছেন। পিতা বলিউডের বিখ্যাত চিত্রনির্মাতা মহেশ ভাট। সেই সূত্রে কোনো বাড়তি সুযোগ কিংবা আনুকূল্য কোনোদিন গ্রহণ করেননি আলিয়া। যতদূর এগিয়েছেন তার নিজের চেষ্টাতেই। এ বিষয়ে কেউই তাকে কোনোভাবেই অভিযুক্ত করতে পারেনি। গত বছর তাকে শুধুমাত্র একটি সিনেমা ‘সড়ক টু’তে দেখা গেছে। ঐ ছবিটির পরিচালক ছিলেন আলিয়ার বাবা মহেশ ভাট। ২০ বছর পর আবার ছবি পরিচালনায় ফিরে এসেছিলেন বলিউডের গুণী ও প্রবীণ এই চিত্রনির্মাতা। যার ছবিতে অভিনয় করে এর আগে বলিউডের নামি-দামি জনপ্রিয় তারকা অভিনেত্রীরা তুমুল আলোড়ন তুলেছেন এক সময়ে। অথচ মহেশ ভাটের ‘সড়ক টু’ ছবিতে আলিয়া ভাটের উপস্থিতি মোটেও আলোড়িত করতে পারেনি দর্শকদের। বরং হতাশ হয়েছেন সবাই। এ কারণে গত বছরটি আলিয়া ভাটের ক্যারিয়ারে খারাপ সময় হিসেবে বিবেচিত হয়েছে। গত বছর তার অভিনীত একটি বহুল আলোচিত ও প্রতীক্ষিত বিগ বাজেটের সিনেমা মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা মহামারির ভয়াবহ পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত দর্শকদের সামনে আসেনি। তার অভিনীত আরেকটি নতুন সিনেমা ‘গাংগুবাঈ কাথিয়াদি’ ছবিতে আলিয়া মুম্বাইয়ের আদি পতিতালয় কামাথিপুরার এক সর্দারণীর ভূমিকায় চ্যালেঞ্জিং অভিনয়ের চমক নিয়ে আসছেন রূপালি পর্দায়। সঞ্জয় লীলা বানসারি পরিচালিত এ ছবিটি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যুক্ত করবেই। ওদিকে দক্ষিণী চিত্রনির্মাতা এস রাজ মৌলির ‘আর আর আর’ ছবিটিও আলিয়াকে ভিন্নভাবে তুলে ধরবে দর্শকদের কাছে। নির্মাণাধীন ছবিগুলোর শুটিং নিয়ে অনেক ব্যস্ত সময় পার করেছেন আলিয়া ভাট। গত কয়েক মাসের একটানা কাজের ধকলে অসুস্থ হয়ে হাসপাতালেও যেতে হয়েছে তাকে। কিন্তু আলিয়া তার কাজ বন্ধ করে দেননি। ২০২১ সালকে ঘিরে তার মনে অনেক বড় প্রত্যাশা। এ বছর তার অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’, ‘আর আর আর’, ‘গাংগুবাঈ কাথিয়াদি’ ছবিগুলো মুক্তি পাবে একে একে। এছাড়া করণ জোহর প্রযোজিত নতুন একটি ছবিতে ফের রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন আলিয়া। কার্তিক আরায়রেন সঙ্গেও তার আরেকটি নতুন ছবির কাজ শুরু হবে খুব শিগগিরই। সব মিলিয়ে চলতি বছরটি আলিয়া ভাটকে বলিউডের শীর্ষ অভিনেত্রীর আসনে অধিষ্ঠিত করবে—বলিউড বিশেষজ্ঞদের ধারণা। তিনি নিজেও তেমন আশায় বুক বেঁধেছেন। বর্তমানে গত বছরের অপ্রাপ্তি ও ব্যর্থতাকে নতুন বছরের অর্জিত সাফল্য দিয়ে আড়াল করতে বেশ তত্পর তিনি।