কা ম রু জ্জা মা ন মি লু
সুমাইয়া শিমু। এই নামে দর্শকরা চিনলেও বাড়ির সকলে তাকে ‘শিমুল’ নামেই ডাকেন। নড়াইলের মেয়ে শিমু। দুই বোন, এক ভাইয়ের মধ্যে সবার ছোট তিনি। দুই দশকের বেশি সময় ধরে অভিনয় করেছেন। কাজ শুরু করার সময় কয়েকজন নির্মাতার পরামর্শে নামটা ছোট করে ‘শিমু’ রাখা হয়। তখন থেকেই দর্শকদের মনে তিনি শিমু নামেই বেশি পরিচিত। ১৯৯৯ সালে অরণ্য আনোয়ারের ‘এখানে আতর পাওয়া যায়’ নাটকে কাজের মাধ্যমে টিভি পর্দায় কাজ শুরু করেন দর্শকপ্রিয় এই অভিনেত্রী। এরপর অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘হাউজফুল’, ‘শিউলি অথবা রক্তজবার গল্প’, ‘স্বপ্নচুড়া’, ‘তক্ষক’, ‘ললিতা’, ‘এফএনএফ’ ইত্যাদি। বেছে বেছে কাজ করতেই পছন্দ করেন সুমাইয়া শিমু। অনেকটা সময় দর্শকরা তাকে নতুন কাজে পাচ্ছেন না। তার কারণ কী? প্রশ্ন করার পর জবাবে সুমাইয়া শিমু বলেন, ‘সবশেষ তারিক আনাম খানের বিপরীতে কাজ করা হয়েছিল। নাটকের নাম ছিল ‘ওয়াটার’। এরপর মোশাররফ করিমের বিপরীতে ‘ভালোবাসার এবেলা ওবেলা’ নাটকে কাজ শেষে লকডাউনের ফাঁদে পড়তে হয়। একটি ওয়েব সিরিজে কাজ করার কথা থাকলেও সেটা করোনার ভয়াবহ সময়ে শুটিংয়ের তারিখ থাকলেও শেষে আর করা হয়নি। তবে ভালো গল্প পেলে শিগগিরই কাজ শুরু করার ইচ্ছে আছে। শিমু বর্তমানে তার প্রতিষ্ঠান ‘বেটার ফিউচার ফর উইম্যান’ ফাউন্ডেশন নিয়ে কাজ করছেন। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে এমএসএস করেছেন। একই বিশ্ববিদ্যালয়ের ড্রামাটিকস বিভাগ থেকে পিএইচডি করছেন তিনি। ‘শিল্প আর্থ সামাজিক বাস্তবতার বাংলাদেশের প্রেক্ষাপটে টেলিপ্লে অভিনয়ে নারীর ভূমিকা’য় পিএইচডি করেছেন। নারীর উন্নয়ন নিয়ে কাজ করার প্রত্যয়ে এই ফাউন্ডেশন নিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে তার। শিমু বলেন, ‘বেটার ফিউচার ফর উইম্যান’ ফাউন্ডেশনটা আমার। উইমেন রিলেটেড কাজ। অভিনয় করতে গিয়ে নানান সময়ে সুযোগ হয়েছে নারী চরিত্রে কাজ করার। কাজ করতে গিয়ে চলার পথে নারীদের ভালোলাগা, সমস্যাসহ নানা বিষয় নিয়ে আমাকে স্টাডি করতে হয়েছে। বিভিন্ন স্থানে যাওয়ার পর অনেক নারী আপনমনে তাদের সমস্যাগুলো শেয়ার করেছেন। পর্দায় এমনভাবে বিভিন্ন গল্পে কাজ করেছি যেখানে নাটকের চরিত্রটি দেখে কেউ উপকৃত হোক, সচেতন হোক সেটা চেয়েছি। তবে এই ফাউন্ডেশনটা করার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশী নারীদের শুধু সমস্যা নয়, প্রতিটি নারী ইকোনমিক্যালি ইন্ডিপেনডেন্ট কাজ করতে যেন পারেন। সেই চেষ্টা থাকবে আমার।’ বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে নানা ধরনের গল্প নিয়ে কাজ হচ্ছে। তাই এমন প্ল্যাটফর্মে অভিনয় নিয়ে কী ভাবছেন শিমু? এর জবাবে তার উত্তর, ‘আমি কাজ করার জন্য প্রস্তুত। ওয়েব সিরিজসহ ওয়েব ফিল্মেও কাজ করার ইচ্ছে আছে। আর ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার জন্য গল্প এবং চরিত্রটা কী—তা বেশি জরুরি। কারণ সাধারণ দর্শক গল্প দেখতে চান।’
