স্পোর্টস রিপোর্টার
স্কোর কার্ড আরও একবার ভুল বোঝালো।
স্কোর কার্ডে লেখা রইল কুলদীপ যাদব পেয়েছেন ৪ উইকেট; মোহাম্মদ শামি ৩ উইকেট। কিন্তু দিনটা আসলে তরুণ ভারতীয় ফাস্ট বোলার শামিরই ছিল। দুর্দান্ত সুইং, সিমে মুভমেন্ট দিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপকে কাঁপিয়ে দিলেন শামি। হয়ে গেলেন ভারতের দ্রুততম শত উইকেট শিকারী। আর শামির হাত ধরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় পেল ভারত।
আগে ব্যাট করা নিউজিল্যান্ড ৩৮ ওভারে মাত্র ১৫৭ রান করে অলআউট হয়েছিল। জবাবে শিখর ধাওয়ানের ৭৫ রানে ভর করে ৩৪.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে বুধবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দুই ওপেনার মার্টিন গাপটিল ও কলিন মানরোকে বোল্ড করে বিদায় করেন শামি। গাপটিলকে ফিরিয়ে ভারতের হয়ে ওয়ানডেতে দ্রুততম শত উইকেট নেওয়ার রেকর্ড গড়েন এই পেসার।
মিডল অর্ডারে ছোবল দেন লেগ স্পিনার চাহাল। ফিরতি ক্যাচ নিয়ে বিদায় করেন ছন্দে থাকা রস টেইলর ও টম ল্যাথামকে। হেনরি নিকোলসকে বিদায় করে শিকার ধরেন চায়নাম্যান কুলদীপ। মিচেল স্যান্টনারকে বেশিক্ষণ টিকতে দেননি শামি।
এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেওয়া কেন উইলিয়ামসকে বিদায় করে নিউজিল্যান্ডকে বড় একটা ধাক্কা দেন কুলদীপ। ৭ চারে ৮১ বলে ৬৪ রান করে অধিনায়কের বিদায়ের পর বেশি দূর এগোয়নি স্বাগতিকদের ইনিংস। কুলদীপের স্পিনের ফাঁদে পড়ে ১১ রানে শেষ ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড থামে ১৫৭ রানে।
৩৯ রানে ৪ উইকেট নেন কুলদীপ। শামি ৩ উইকেট নেন ১৯ রানে।
ছোট রান তাড়ায় সাবধানী শুরু করে ভারত। ২৪ বলে ১১ রান করে রোহিত শর্মা ফিরে গেলে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি।
ক্রিকেট মাঠের উইকেট থাকে সাধারণত উত্তর-দক্ষিণ দিকে। তবে ম্যাকলিন পার্কের উইকেট পূর্ব-পশ্চিম দিকে। অস্ত যাওয়া সূর্য ব্যাটসম্যানের চোখ বরাবর থাকায় দশম ওভার শেষে আধ ঘণ্টার বেশি সময়ের জন্য খেলা বন্ধ হয়ে যায়। তাই ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে নতুন লক্ষ্য পায় ভারত।
কোহলিকে ফিরিয়ে তার সঙ্গে শিখর ধাওয়ানের ৯১ রানের জুটি ভাঙেন লকি ফার্গুসন। অম্বাতি রায়ডুকে নিয়ে বাকিটা সহজেই সারেন ধাওয়ান। ৬ চারে ১০৩ বলে ৭৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলার পথে পাঁচ হাজার রানের মাইলফলকে যান বাঁহাতি এই ওপেনার।
দারুণ বোলিংয়ে শুরুতে নিউজিল্যান্ডকে কাঁপিয়ে দেওয়া শামি জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
আগামী শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে হবে দ্বিতীয় ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৩৮ ওভারে ১৫৭/১০ (উইলিয়ামসন ৬৪, টেলর ২৪; কুলদীপ ৪/৩৯, শামি ৩/১৯, চাহাল ২/৪৩)।
ভারত: [নতুন লক্ষ্য-৪৯ ওভারে ১৫৬] ৩৪.৫ ওভারে ১৫৬/২ (ধাওয়ান ৭৫*, কোহলি ৪৫)।
ফল: ভারত ৮ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ শামি
