রাজউকে দুদকের অভিযান

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২২:৩০

ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

ইত্তেফাক রিপোর্ট

রাজউকের কর্মকর্তাদের সাথে যোগসাজশে অনুমোদিত নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশনের অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আগত এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরীর নির্দেশে দুদক টিম রাজউক ভবন এবং পূর্বাচল ও উত্তরা জোনের অথরাইজড অফিসারের কার্যালয়ে এ অভিযান চালিয়েছে।

দুদক সূত্র জানায়, দুদক পরিচালক এস এম মাসুদুল হকের নেতৃত্বে একটি টিম গতকাল বুধবার সকালে সরেজমিন অভিযান চালিয়ে দেখে, অকুপেন্সি সার্টিফিকেটের আবেদনকারীদের কোনো আবেদন রাজউকে জমা পড়েনি। এ দিকে, আবেদনকারীদের প্লটগুলোতে আবাসিক ভবনের অনুমোদন দেওয়া থাকলেও তারা নকশার বাইরে বাণিজ্যিকভাবে ভবন নির্মাণ করেছেন। কিন্তু রাজউক এসব বেআইনি স্থাপনা নির্মাণে কোনো বাধা দেয়নি। অতি শীঘ্রই এ অবৈধ ভবনগুলো উচ্ছেদে অভিযান চালানোর জন্য নির্দেশনা প্রদান করে দুদক টিম।

এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, ‘রাজধানীতে ভবন নির্মাণের নিয়ম-নীতি প্রতিপালনে রাজউক সমপূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এতে অপরিকল্পিত নগরায়ন বাড়ছে, পরিবেশ ধ্বংস হচ্ছে এবং নগরজীবন বিপর্যস্ত হচ্ছে। এ অবস্থা হতে উত্তরণের জন্য এবং নগর আইন ও নীতিসমূহ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজউকে সুশাসন নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে দুদক সার্বিক সহযোগিতা দেবে।’