‘মৌর্য’ উপন্যাসে আড়াই হাজার বছর আগের প্রেম

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২২:৩০

প্রকাশনা উত্সব

ইত্তেফাক রিপোর্ট

প্রায় আড়াই হাজার বছর আগের প্রেমকাহিনী নিয়ে প্রকাশিত হয়েছে উপন্যাস ‘মৌর্য’। প্রথম মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের সঙ্গে গ্রিক সম্রাট সেলুকাসের কন্যা কর্নেলিয়ার প্রেমের বয়ান আছে। কথাসাহিত্যিক আবুল কাসেম তার ইতিহাস আশ্রয়ী উপন্যাস ‘মৌর্য’ তে চমকপ্রদ এ প্রেমকাহিনী তুলে ধরেছেন। বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ।

গতকাল জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘মৌর্য’ উপন্যাসের প্রকাশনা উত্সবের আয়োজন হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে বইটি নিয়ে আলোচনা করেন শিক্ষাবিদ-কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিত্ ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। সঞ্চালনা করেন অন্যপ্রকাশের পরিচালক আবদুল্লাহ নাসের।

ডা. দীপু মনি বলেন, ইতিহাসের ঘটনা নিয়ে লেখা উপন্যাস। বইটির কলেবর দেখে ভালো লাগছে। পড়তে গিয়ে আমি কোথাও আটকালাম না। পড়া বন্ধ করতে পারলাম না। এই ধরনের সাহিত্য আমাদের ইতিহাস জানবার সুযোগ করে দেয়।

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, গ্রন্থাকার আবুল কাসেম তার সবগুলো উপন্যাসই লিখেছেন ইতিহাসকে আশ্রয় করে। তিনি ফিরে গেছেন ২৩শ বছর আগে। সেই সময়ের জীবনযাত্রা সম্পর্কে আমরা খুব বেশি জ্ঞাত নই। লেখক এতে ইতিহাসের উপাদান নিয়েছেন আবার কল্পনা দিয়ে সেই সময়ের ছবি এঁকেছেন।

অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ইতিহাস নির্ভর উপন্যাসে দুইটি বিষয় থাকে। একটি সত্য ও একটি কল্পনা- এ দুটো ধরে এগোতে হয়। এজন্য গবেষণার প্রয়োজন হয়, যেটি লেখক করেছেন।

বিশ্বজিত্ ঘোষ বলেন, উপন্যাসে শুধু একজন কথাশিল্পী নয় একজন গবেষকেরও মিলন ঘটেছে। কথা এবং গবেষণা না মিললে এমন উপন্যাস সৃষ্টি করা যায় না। উপন্যাসে ইতিহাসের সঙ্গে কল্পনার এক অনন্য মিলে লেখক অনেক দূর এগিয়ে গেছেন।