ব্যাংক খাতের দুর্নীতি তদন্তে কমিশন গঠনে সরকারকে লিগ্যাল নোটিস

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২২:৩০

ইত্তেফাক রিপোর্ট

ব্যাংক খাতের দুর্নীতি ও অনিয়ম রোধে কার্যকর সুপারিশ করতে কমিশন গঠনে সরকারকে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে। নোটিসে ব্যাংকের অর্থ আত্মসাত্, ঋণ প্রদানে অনিয়ম তদন্তে কমিশনকে দায়িত্ব দিতে বলা হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ গতকাল বুধবার ডাকযোগে এই নোটিস পাঠান।

নোটিসে বলা হয়েছে, কয়েক বছর ধরে সরকারি ও বেসরকারি ব্যাংকের বিভিন্ন শাখা হতে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন উপায়ে আত্মসাত্ হচ্ছে। কিন্তু তা বন্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যদিও ব্যাংকে গচ্ছিত ওইসব অর্থ দেশের নাগরিকদের আমানত। নোটিসপ্রাপ্তির সাতদিনের মধ্যে এসব দুর্নীতি ও অনিয়ম তদন্তে ইনকোয়ারি কমিশন অ্যাক্টের অধীনে একটি কমিশন গঠন করতে অনুরোধ করা হচ্ছে। ওই কমিশনে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ও ড. সালেহ উদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জা এবি আজিজুল ইসলাম, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ, সিটি ব্যাংক এন.এ বাংলাদেশের সাবেক সিইও মামুন রশিদ ছাড়াও কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধি রাখতে বলা হয়েছে। কমিশন ব্যাংকের অর্থ আত্মসাত্, ঋণ অনুমোদনের অনিয়ম, বিভিন্ন প্রাইভেট ও পাবলিক ব্যাংকগুলোতে ঋণের উপর সুদ মওকুফ সংক্রান্ত বিষয় তদন্ত ও অনিয়ম বন্ধে সুপারিশ প্রণয়ন করবেন।

মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর সচিবালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে গতকাল এ নোটিস পাঠানো হয়েছে।