ইত্তেফাক রিপোর্ট
নিজের মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা ও সুশাসন প্রতিষ্ঠা আওয়ামী লীগের অনত্যম নির্বাচনী প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। গতকাল বুধবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে মন্ত্রী প্রতিশ্রুতির কথা পুনঃব্যক্ত করেন। সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে অনুষ্ঠানে বিএসআরএফ সভাপতি শ্যামল সরকার সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের আবাসন সমস্যা সমাধানে ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি রয়েছে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে। কারা ফ্ল্যাট পাবে সেটা সাংবাদিক সমিতিগুলোই ঠিক করবে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংবাদপত্রের প্রচার সংখ্যা নিরূপণ নিয়ে অনিয়ম ও দুর্নীতির কথা তিনি জেনেছেন। এ বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
