বেসিক ব্যাংকের ৫ কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২২:৩৫

ইত্তেফাক রিপোর্ট

দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে প্রায় আট কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের ৫ কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বাদী হয়ে গতকাল বুধবার রাজধানীর গুলশান থানায় এ মামলা দায়ের করেন।

বেসিক ব্যাংকের কর্মকর্তারা হলেন— ব্যাংকের ডিজিএম মো. ইমরুল ইসলাম, ডিজিএম শাকির মাহমুদ শরফুদ্দীন, ডিজিএম (বরখাস্ত) মো. শাহ আলম ভূঁইয়া, সাবেক শাখা ব্যবস্থাপক (বরখাস্ত) আসিফ আহমেদ ও সাবেক অ্যাডভান্সড অফিসার ফারুক আহমেদ ভূঁইয়া।

বেসিক ব্যাংকের বাইরের অন্য আসামিরা হলেন— ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ইনস্ট্রাকটর (সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ) খলিলুর রহমান ভূঁইয়া, মেসার্স পিসি এভিনির মালিক রোজিনা আহম্মেদ, রমনার বাসিন্দা  মোশারফ হোসেন, তোপখানার মোয়াজ্জেম হোসেন, তোপখানার মোতালেব  হোসেন, মোফাজ্জল হোসেন, ভূঁইয়া এসোসিয়েটস’র পরিচালক ইঞ্জিনিয়ার এম (মোশারফ) হোসেন ভূঁইয়া ও ভূঁইয়া এসোসিয়েটসের কনসালটেন্ট ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির আশ্রয় নিয়ে গুলশান শাখা থেকে ৬ কোটি ৩৭ লাখ ৮৫ হাজার ৩৯ টাকা ঋণ নিয়ে তা আত্মসাত্ করেছেন। বর্তমানে সুদাসলে টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৯২ লাখ ৪২ হাজার ৩৯৩ টাকা। ঋণ আদান প্রদানের মাধ্যমে আত্মসাত্ করার অভিযোগে দণ্ডবিধির ৪০৯/৪০৬/১০৯/১৬৮ এবং দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭ এর ৫(২) ধারায় যা অপরাধযোগ্য।