প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই জনগণ উন্নয়নের সুফল ভোগ করতে পারে। এ কারণে জনগণ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। সরকার জনগণের মৌলিক চাহিদাগুলো পূরণে অঙ্গীকারাবদ্ধ, যে স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন। বাংলাদেশে আফগানিস্তানের নবনিযুক্ত রাষ্ট্রদূত আব্দুল কাইয়ুম মালিকজাদ গতকাল বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে গেলে তিনি এ সব কথা বলেন।
আফগান রাষ্ট্রদূত আব্দুল কাইয়ুম মালিকজাদ বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক নবায়নের অংশ হিসেবে কাবুলে বাংলাদেশের কূটনৈতিক মিশন পুনরায় খুলে দেওয়ার অনুরোধ জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের
ব্রিফিং করেন। দু’দেশের মধ্যকার বিদ্যমান দীর্ঘ ইতিহাস এবং গভীর সম্পর্কের কথা স্মরণ করে রাষ্ট্রদূত বলেন, তাঁর দেশ বাংলাদেশের সঙ্গে ব্যবসা এবং বাণিজ্যিক সম্পর্কের উত্তোরণ ঘটাতে আগ্রহী। স্বাধীনতার পর বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর মধ্যে আফগানিস্তান অন্যতম উল্লেখ করে তিনি বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তোরণের প্রশংসা করেন। আফগান রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে এ সময় প্রধানমন্ত্রী ঢাকা এবং কাবুলের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘বাংলাদেশ এর প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত মূল্য দেয়।’ তিনি বলেন, প্রতি বছর বাংলাদেশ আফগানিন্তান থেকে প্রচুর পরিমাণে শুকনো খাবার আমদানী করে থাকে এবং আফগানিস্তানও বাংলাদেশ থেকে উন্নতমানের ওষুধ তাদের দেশে আমদানী করতে পারে। বিগত সাধারণ নির্বাচনে তার দলের বিপুল বিজয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আফগান রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাত্
বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বিদায়ী সাক্ষাত্ করেছেন। বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী বৈঠকে নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে এডমিরাল নিজামউদ্দিন আহমেদের ভূমিকার প্রশংসা করেন। এডমিরাল নিজামউদ্দিন আহমেদও এ সময় তার দায়িত্ব পালনকালে এবং নৌবাহিনীকে শক্তিশালীকরণে প্রধানমন্ত্রীর সহযোগিতার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ২৬ জানুয়ারি তিনি অবসরে যাচ্ছেন।
