ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার বিকালে ডাকসু ও হল সংসদ নির্বাচন বিষয়ে হল প্রাধ্যক্ষ এবং ডাকসু নির্বাচন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান এই তারিখ নির্ধারণ করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ ই মার্চ সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ চলবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্রের ৮ (ই) ধারা অনুযায়ী ডাকসুর সভাপতি হিসেবে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান ডাকসু নির্বাচনের এই তারিখ ও সময় নির্ধারণ করেছেন ? বুধবার বিকাল সাড়ে তিনটায় ও সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে উপাচার্যের সভাপতিত্বে ডাকসু নির্বাচন বিষয়ে হল প্রাধ্যক্ষ ও উপদেষ্টা পরিষদের সঙ্গে পৃথক সভা শেষে এই তারিখ নির্ধারণ করা হয়েছে|
ছাত্র সংগঠনগুলোর সাথে কথা বলে জানা গেছে সব ছাত্র সংগঠনই ডাকসু নির্বাচনের বিষয়ে ইতিবাচক ভুমিকা রাখছে। কয়েকটি নির্দিষ্ট বিষয়ে তাদের দাবি-দাওয়া থাকলেও নির্বাচন নিয়ে নেতিবাচক কোন আশঙ্কা নেই ছাত্র সংগঠনগুলোর মাঝে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের সাথে ছাত্র সংগঠনগুলোর করা কয়েক দফা মত বিনিময় সভায় তাদের দাবি তুলে ধরেছে তারা। ছাত্রদল দাবি জানিয়েছে ভোট গ্রহণ কার্যক্রম সিসি টিভি ক্যামেরার আওতায় আনতে হবে। এছাড়া সব ছাত্র সংগঠনের সহাবস্থানের পরিবেশ সৃষ্টি হওয়ার পর তফসিল ঘোষণার দাবিও রয়েছে তাদের। ছাত্রলীগ বলছে, ইতিবাচক রাজনীতির ধারায় আসলে ছাত্রদলকে ক্যাম্পাসে কোনো বাধা দেয়া হবে না। ডাকসু নির্বাচনে ভোটার কিংবা প্রার্থী কারা হতে পারবেন সে বিষয়ে ছাত্র সংগঠনগুলো একমত হলেও দ্বিমত দেখা গেছে ভোটকেন্দ্র নিয়ে। ছাত্রলীগ বলছে বিদ্যমান গঠনতন্ত্র অনুযায়ি হলগুলোতেই ভোটকেন্দ্র স্থাপন করতে হবে।
