আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তায় ইজিবাইক, থ্রি হুইলার জাতীয় অটোরিকশা নিয়ন্ত্রণে সেগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে সড়ক পরিবহন বিভাগে গঠিত কমিটির পেশকৃত প্রস্তাবিত সুপারিশমালা যাচাই-বাছাই করে কর্মকৌশল নির্ধারণে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিআরটিএর প্রধান কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৮তম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা জানান তিনি।
সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, নিরাপদ সড়ক নিশ্চিতে আইনগত কাঠামো আরো যুগোপযোগী এবং যৌক্তিক করতে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের মতামত ইতিমধ্যেই নেওয়া হয়েছে। স্বল্প সময়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইনগত ভিত মজবুত করা হবে। প্রথমবারের মতো দেশের মহাসড়কে রোড সেফটি অডিট চালু করা হয়েছে বলেও জানান তিনি। ড্রাইভিং লাইসেন্সের জন্য মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ মাসের শেষ সপ্তাহ থেকে মানসম্মত লাইসেন্স প্রদানের কাজ শুরু হবে। তিনি বলেন, সড়ক নিরাপত্তায় ২০১৭ থেকে ২০২০ মেয়াদে একটি ন্যাশনাল রোড সেফটি স্ট্র্যাটেজিক প্ল্যান গ্রহণ করা হয়েছিল। সেই পরিকল্পনার মেয়াদ শেষে নতুন অ্যাকশন প্ল্যান প্রণয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নতুন করে ২০২১ থেকে ২০২৪ মেয়াদের জন্য কৌশলগত পরিকল্পনা করা হয়েছে।
