ইত্তেফাক রিপোর্ট
কুমিল্লার হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন ৪ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোঃ রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী ও কায়সার কামাল উপস্থিত ছিলেন।
২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতাল চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় আটজন যাত্রী নিহত ও অগ্নিদগ্ধ হয় বেশ কয়েকজন। পরে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ৬৯ জন দলীয় নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এ মামলায় গত ১৬ জানুয়ারি জামিন চেয়ে কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করেন খালেদা জিয়া। কিন্তু রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে ওই জামিন আবেদনের শুনানি ৪ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়। এ অবস্থায় হাইকোর্টে জামিন চান খালেদা জিয়া।
এ প্রসঙ্গে খালেদা জিয়ার আইনজীবী বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ইত্তেফাককে বলেন, কুমিল্লার নাশকতার এ মামলাটিতে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি চার বার পিছিয়েছে নিম্ন আদালত। ওই সময়ক্ষেপণের বিষয়টি উল্লেখ করে হাইকোর্টে তার জামিন চেয়ে আবেদন করেছিলাম। হাইকোর্ট আগামী ধার্য তারিখের মধ্যে আবেদনটি নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত দুটি দুর্নীতির মামলায় ১৭ বছরের দণ্ডপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া কারাভোগ করছেন। বর্তমানে তিনি ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারের একটি ভবনে বন্দি রয়েছেন।
