৩০ ডিসেম্বর আওয়ামী লীগ পরাজিত হয়েছে

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২২:৪০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৩০ ডিসেম্বর কোনো নির্বাচন হয়নি, হয়েছে প্রহসনের নির্বাচন। এই নির্বাচনে বিএনপি পরাজিত হয়নি, এটা আওয়ামী লীগের পরাজয়। এখানে পরাজিত হয়েছে মানুষের মুক্তি, স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ। এখানে পরাজিত হয়েছে দেশ। তিনি নেতাকর্মীদের বলেন, জনগণের ঐক্যের কোনো বিকল্প নেই। জনগণের ঐক্যের মাধ্যমে বিজয় অর্জন করতে হবে।

গতকাল বুধবার দুপুরে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসার পথে বগুড়ার ঠেঙ্গামারায় হোটেল মম ইন-এ যাত্রা বিরতিকালে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনের পরে এই প্রথম তিনি নির্বাচনী এলাকায় গেলেন।

মতবিনিময় অনুষ্ঠানে মির্জা ফখরুল প্রথমেই ক্ষমা চেয়ে নেন-নির্বাচনের পরে আসতে না পারার জন্য। তিনি বলেন, বাংলাদেশ এখন গভীর সংকটে। নির্বাচন নামে যে প্রতিষ্ঠান তাকে ধ্বংস করা হয়েছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও ভোট ডাকাতির চিত্র দেখেছে। দেশে-বিদেশে সবাই জানে, মূলত ৩০ ডিসেম্বরে কোনো ভোটই হয়নি বাংলাদেশে। আওয়ামী লীগ সংবিধানকে ধ্বংস আর মানুষের আশা-আকাঙ্ক্ষা চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে। তিনি বলেন, ২০১৪ সালে আমরা নির্বাচন বর্জন করেছিলাম। আজ প্রমাণ হয়েছে সেদিন আমাদের নির্বাচন বর্জন সঠিক ছিল। তিনি একাদশ সংসদ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান।

নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, হতাশ হলে চলবে না। নির্বাচন শেষ হয়েছে। কাজ শেষ হয়নি। গ্রামে গিয়ে জনগণের কাছে যেতে হবে। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। আমাদের এখন একটাই কাজ তারেক রহমানকে দেশে আনা এবং খালেদা জিয়াকে মুক্ত করা। যতক্ষণ পর্যন্ত এই কাজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু প্রমুখ।