মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র, নিউইয়র্কে আটক চার

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২২:৪১

ইত্তেফাক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মুসলিমদের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্রের অভিযোগে এক কিশোরসহ চারজনকে আটক করা হয়েছে। মুসলিমদের একটি ছোট গোষ্ঠী বা কমিউনিটির বিরুদ্ধে হামলার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে ওই তিন ব্যক্তি ও এক কিশোরের বিরুদ্ধে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে হাতবোমা ও অস্ত্রশস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। খবর বিবিসি’র

পুলিশ জানিয়েছে, ইসলামবার্গ সমপ্রদায়ের ওপর হামলার ষড়যন্ত্র করছিলেন আটককৃতরা। এই সমপ্রদায়টি ৮০’র দশকে পাকিস্তানি একজন ধর্মীয় নেতা প্রতিষ্ঠা করেছিলেন। ইসলামবার্গ গোষ্ঠীকে নিয়ে অনেকদিন ধরেই নানা কথা বলা হচ্ছিলো যে এটা আসলে ‘সন্ত্রাসীদের প্রশিক্ষণ ক্যাম্প’। আটক তিন ব্যক্তিকে স্থানীয় সময় গতকাল বুধবার আদালতে তোলার কথা।। তদন্তকারীরা বলছেন আটক কিশোরের বাড়িতে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে এবং আরো অন্তত ২৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে। নিউইয়র্ক রাজ্যে গ্রিস শহরের পুলিশ প্রধান বলছে ১৬ বছর বয়সী ওই কিশোর স্কুলে এ বিষয়ে কথা বলার সময় অন্যরা শুনে ফেলে এবং তার ভিত্তিতেই পরে তদন্ত শুরু হয়। ইসলামবার্গ কমিউনিটি বিংহ্যামটন শহরের কাছে ক্যাটস্কিল পর্বতের পশ্চিমে বসবাস করে। মূলত আফ্রিকান-আমেরিকান একটি গ্রুপ নিউ ইয়র্ক থেকে সরে সেখানে বসতি গড়ে। এর আগে ২০১৭ সালে এই সমপ্রদায়ের একটি মসজিদ পুড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে একজনকে কারাদণ্ড দিয়েছিলো আদালত।