আবুল কাসেম ভূঁইয়া
দেশে উত্পাদিত বিভিন্ন জাতের ফলের মধ্যে নতুন ধরনের ফল সুইট লেমন স্বল্পপরিসরে উত্পন্ন হচ্ছে। এই ফল সুস্বাদু এবং মিষ্টি। সুইট লেমন একটি পুষ্টিগুণসমৃদ্ধ ফল। যা সারা বছর ধরে উত্পন্ন হয়ে থাকে। এটি একটি বনসাই জাতীয় গাছ। সুইট লেমন গাছে সারা বছর থোকায় থোকায় ফল ধরে থাকে। একটি গাছে ২০০-২৫০টি ফল ধরে থাকে। দুই বছর বয়সি একটি গাছে প্রায় পাঁচ-ছয় কেজি ফল পাওয়া যায়। গাছটির ফল ধারণ ক্ষমতা অনেক বেশি। গাছের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফলও বেশি ধরবে। অর্থাত্ গাছের পাতা থেকে ফলই বেশি ধরে। এটি দেখতে লেবুর মতো। তবে এটি মিষ্টি লেবু। কাঁচা অবস্থায় সবুজ বর্ণের হয়ে থাকে, পাকলে হলুদ বর্ণের হয়ে যায়। একেবারে মাল্টার কালারের মতো দেখতে হয়। এই লেবুতে অ্যাসিডের পরিমাণ কম থাকে। সুইট লেমন ফলটি আমাদের দেশে সম্পূর্ণ নতুন হওয়ায় এদেশের মানুষের কাছে এর পরিচিতি তেমন একটা নেই।
ফলটি বাংলাদেশে নতুন হলেও এর চাষ শুরু হয়েছে দুই তিন বছর আগে থেকে। দেশের বেশ কয়েকটি নার্সারিতে এর চাষ হচ্ছে। সুইট লেমন ফলটি আমাদের দেশে চাষের উপযুক্ত পরিবেশ রয়েছে। বিশেষ করে যারা ছাদবাগান করেন তারা এই ফলটি চাষ করতে পারেন।
