রাজধানীতে তরুণীর শ্লীলতাহানির চেষ্টা পুলিশ আসায় রক্ষা

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ০০:৩০

একটি বেসরকারি টেলিভিশনের নারী নিরাপত্তা কর্মীকে রাজপথেই শ্লীলতাহানির চেষ্টা এবং মারধর করছিল এক বখাটে। পথচারীদের কেউ এ দৃশ্য দাঁড়িয়ে দেখছিলেন, আবার কেউ কেউ দেখে এড়িয়ে যান। আর ঠিক তখনই রাতের ডিউটির টহল শেষে ফিরছিলেন ডিএমপির ক্যান্টনমেন্ট জোনের এসি তাপস কুমার দাস। ওই তরুণীর চিত্কার শুনে তিনি গাড়ি থামান। ভালো করে লক্ষ্য করে দেখেন এক নারীকে মারধর করছে কেউ আর ওই নারী চিত্কার করছিলেন। তিনি গাড়ি থেকে নেমে এগিয়ে যান। পুলিশকে দেখে বখাটে যুবক আলমগীর দৌড়ে পালানোর চেষ্টা করে। জাপটে ধরে ফেলেন আলমগীরকে। উদ্ধার করেন ঐ নারীকে। তবে এর আগেই বখাটের টানা-হেঁচড়ায় রক্তাক্ত জখম হন ঐ নারী।

গতকাল ভোর ৬টায় রাজধানীর বনানী এলাকার আমতলী ক্রসিংয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ওই তরুণী। এ সময় তাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে বখাটে আলমগীর কুপ্রস্তাব দেয়। এতে ওই তরুণী প্রতিবাদ করায় তার ওপর ঝাঁপিয়ে পড়ে ঐ বখাটে। শ্লীলতাহানির চেষ্টা করে।

পুলিশ কর্মকর্তা তাপস কুমার দাস জানান, গুলশান বিভাগের ৬টি থানার নাইট রাউন্ডে ছিলাম। ভোরে আমতলী দিয়ে যাওয়ার সময় এক তরুণীর চিত্কার শুনতে পাই। দেখি এক যুবক ওই তরুণীকে লাঠি দিয়ে পিটাচ্ছে। তখন বডিগার্ড ও ড্রাইভারসহ আমি নেমে দৌড়ে আলমগীরকে ধরে ফেলি। ওই তরুণীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আলমগীর কড়াইল বস্তিতে মাছের ব্যবসা করে। থাকে বস্তির বৌ-বাজারে। গ্রামের বাড়ি শেরপুরে। এ ঘটনায় বনানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।