দেশের গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদন মুছে ফেলতে চাপ প্রয়োগকে নগ্ন হস্তক্ষেপ বলে মন্তব্য করে এ ধরনের কর্মকাণ্ডে উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। গতকাল সাংবাদিক সমিতির সভাপতি মেহেদি হাসান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবির প্রেরিত এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করা হয়। দেশের একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মুছে ফেলতে চাপ প্রয়োগের পর এ বিবৃতি দেয় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে সাংবাদিক নেতৃবৃন্দ জানান, বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলো স্বচ্ছতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখেই সংবাদ প্রকাশের সর্বোচ্চ চেষ্টা করে যায়। সেটা অনুসন্ধানী প্রতিবেদনই হোক, আর দৈনন্দিন কোনো সংবাদই হোক। প্রতিটি ক্ষেত্রেই গণমাধ্যম পর্যাপ্ত তথ্য-প্রমাণ সংগ্রহ করে। সম্প্রতি দেশের গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মুছে ফেলতে এক ধরনের নগ্ন হস্তক্ষেপ দৃশ্যমান।
