ওসাকা-ব্র্যাডি ফাইনাল আজ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৮

নিজের চতুর্থ গ্র্যান্ডস্লামের আশায় আজ মেলবোর্ন পার্কে জেনিফার ব্র্যাডির মুখোমুখি হবেন জাপানিজ তারকা নাওমি ওসাকা। অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের ফাইনালে ২২তম বাছাই ও প্রথমবার ফাইনাল খেলতে নামা ব্র্যাডির বিপক্ষে ওসাকাকেই ফেভারিট মানা হচ্ছে।

এদিকে, পুরুষ এককের ফাইনাল নিশ্চিত করেছেন দানিল মেদভেদেভ। গতকাল পুরুষ এককের দ্বিতীয় সেমিফাইনালে গ্রিক তারকা স্টেফান সিতসিপাসকে সরাসরি সেটে হারিয়েছেন এই রাশিয়ান টেনিস তারকা।

কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে সেমিতে সরাসরি সেটে হারিয়ে প্রত্যাশার চাপটা অনেক বাড়িয়ে দিয়েছেন ওসাকা। প্রথম ফাইনাল খেলতে নামা ব্র্যাডির কাছে আজকে হারলে তাই সেটা একরকম অঘটন হিসেবেই দেখা হবে। ২০ ম্যাচ ধরে জয়ের ধারায় থাকা ওসাকার চিন্তায় অবশ্য শুধুই জয়, ‘আমার কাছে মনে হয়, মানুষ রানার-আপদের মনে রাখে না। আপনি মনে রাখতে পারেন আলাদা করে, কিন্তু দিনশেষে চ্যাম্পিয়নের নামই কিন্তু খোদাই করা হয়। এ জন্য ফাইনালে আমি আমার সর্বোচ্চটা দিয়ে লড়াই করি। আমার মতে এখানে এসেই আপনি নিজেকে (অন্যদের থেকে) আলাদা করার সুযোগটা পাবেন।’

শক্ত কোর্টেও পরাশক্তিতে রূপান্তরিত হওয়ার পথে থাকা ব্র্যাডির মুখেও ওসাকারই স্তুতি। গত সেপ্টেম্বরে ওসাকার কাছে হেরেই ইউএস ওপেনের সেমিফাইনাল থেকে বাদ পড়েছিলেন ব্র্যাডি। সেই ম্যাচকে স্মরণ করেই ২৫ বছর বয়সী ব্র্যাডি বলেন, ‘সে (ওসাকা) আপনাকে অনেক চাপে ফেলে দিবে। সার্ভ করাটা কঠিন বানিয়ে দেয় সে। আর সে নিজেও আপনার ওপর ধাবিত হবে প্রচণ্ড শক্তিতে, যে কারণে আপনারও আক্রমণাত্মক হতে হবে। এক কথায়, তার বিপক্ষে ঠিকমতো পারফরম করাটাই কঠিন বানিয়ে দেয় সে।’

এদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে দানিল মেদভেদেভও পেলেন টানা ২০তম জয়ের দেখা। সর্বশেষ জয়ের পথে গতকাল আসরের পঞ্চম বাছাই সিতসিপাসকে ৬-৪, ৬-২, ৭-৫ গেমে হারিয়েছেন মেদভেদেভ। রবিবার প্রথম বাছাই নোভাক জোকোভিচকে হারিয়ে জয়ের ধারা ২১ ম্যাচে নিতে পারলে প্রথম গ্র্যান্ডস্লামের স্বাদ পাবেন এই ২৫ বছর বয়সী।

ইত্তেফাক/এমআর