হাবীবুল্লাহ সিরাজী
নতুন মেঘের সাথে নতুন হরিণ নামে ঘাসে
ঘন সহবাসে
তুমি তার অঙ্গ হও তুমি হও আরেক নতুন
তোমার প্রসূন
নতুন চরের মধ্যে নতুন পাখিরা ওড়ে জলে
হাওয়ার কৌশলে
তুমি তার ছন্দ হও তুমি হও আরেক নতুন
তোমার কানুন
পুরানো পাতার ঠোঁটে পুরানো হাসির
ছায়ামেলা
দরদের ভেলা
তুমি তার চক্ষু হও তুমি হও আরেক
পুরানো
তোমার ভোলানো
পুরানো মূলের দলে পুরানো দানার
অভিমান
হ্রস্ব-দীর্ঘ টান
তুমি তার লগ্ন হও তুমি হও আরেক
পুরানো
তোমার হারানো
তোমার নতুন নিয়ে তোমার পুরানো
সর্বগ্রাস
নতুন পুরানো এক অতি দীর্ঘ সন্ত অধিবাস
