সাজ্জাদ হোসেন
আমার কবিতাগুলান বহুত বেয়াদব হইছিল।
ছোট বড় মানে না। নরম গরম বোঝে না।
খালি কামড়ায়, খালি খামচায়।
মিয়া সাবরে দেখলে নেড়ি কুত্তার মতো
ঘেউ ঘেউ করে। গিললা ফালাইতে চায়।
কবিতা কয় মিয়া সাব নাকি খবিস, ইতর, ইবলিশ।
আমি অত কিছু জানি না।
তয়, বুঝলাম মিয়া সাবও কঠিন মাল।
কানে বড়শি বিন্ধাইয়া কবিতারে মিয়া সাব হেইদিন
লইয়া গেল লোহা কাটার কারখানায়।
বেশি কিছু না, খতনা করানোর মতো কইরা কবিতার
জিব্বা, আল জিব্বা এক্কেবারে গোড়ায় কাইট্টা দিছে।
আর চিমটা দিয়া ধইরা কবিতার মাড়িসুদ্ধ দাঁত আর
হাত-পায়ের নখ একটানে উপড়াইয়া দিছে।
মিয়া সাবরে দেখলেই কবিতা এহন ফুলের তোড়া
লইয়া দৌড়াইয়া যায়।
বাতাসে গান বাজে--মিয়া সাব জিন্দাবাদ।
কবিতাও মাথা নাড়ে--জিন্দাবাদ, জিন্দাবাদ।
