সরোবর

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৫

মাকিদ হায়দার

 

মনেই এলো না তার দিকে ফেরাই দুচোখ।

মনেই হলো না

তার হাত ধরে কবে কোন নদে পেরিয়েছি জল।

মনে আছে ধূলিঝড়ে উড়ে গিয়েছিলো।

আমার বাসনা।

বলা হয় নাই তাকে

তার দুই চোখে

ধূলিঝড়ে ধূলিকণা

বাসা বেঁধেছিলো কি না!

যদি বাসা বেঁধে থাকে,

তাহলে কি করে দেখবে আমাকে!

আমার বাসনা কেঁদেছিলো খুব

সমব্যথী হলো না আকাশ,

বলেনি একটি কথা।

হঠাত্ বাতাসে শুনি ঝরে যেন বেদনার কথা

কবি,

দূরে যেয়ো নাকো

থেকে যাবো দুজনাই এক সরোবরে

মনেই এলো না কেন বসে থাকি

ভুবন ডাঙ্গায়

চারিদিকে সব কিছু আছে

নেই শুধু সেই সরোবর