চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরে বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে হাসেম আলী নামের বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। হাসেম আলী উপজেলার নিমাইচড়া ইউনিয়নের ধানকুনিয়া গ্রামের হালিম আলীর ছেলে। হাসেম আলী মেয়েটিকে (১৭) বিয়ের প্রলোভনে গত ২ ফেব্রুয়ারি ধর্ষণ করে। এ ঘটনায় শুক্রবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে চাটমোহর থানায় মামলা দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনায় পাঠানো হয়েছে। মামলার আসামিকে গ্রেফতার করে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
