তিন দফা দাবি আদায়ে গতকাল শনিবার বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ শেষে সন্ধ্যায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা স্থগিত করলেও পরিবহন শ্রমিকরা বাস চলাচল বন্ধ রাখে। দিনভর বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন, আন্দোলনরত শিক্ষার্থী, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, পরিবহন নেতারা দফায় দফায় বৈঠক করলেও স্থায়ী সমাধান হয়নি।
বৈঠক শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা, হামলাকারীদের গ্রেফতার ও মামলা দায়ের সব দাবি মেনে নেওয়া হয়েছে। এ কারণে আন্দোলন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়েছে। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে আইন বিভাগের শিক্ষার্থী অমিত হাসান রক্তিম জানান, শিক্ষার্থীদের দেওয়া তিন শর্তে এখনো অটল শিক্ষার্থীরা। তবে ২১শে ফেব্রুয়ারির কারণে আপাতত স্থগিত করা হয়েছে অবরোধ। এ সময় তিনিসহ আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সভা ফলপ্রসূ হয়নি। আমাদের মূল দাবি ছিল বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপনসহ হামলায় জড়িত তিন জনকে গ্রেফতার করা। তা করা হয়নি। তাই দাবি না মানা হলে আন্দোলন অব্যাহত থাকবে। তবে শনিবার সন্ধ্যা থেকে সড়ক অবরোধ স্থগিত করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আজ রবিবার কোনো কর্মসূচি না থাকলেও কাল সোমবার থেকে আবার সড়ক অবরোধ করা হবে বলে আন্দোলনে নেতৃত্বদানকারীরা জানান।
অপরদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অজ্ঞাতদের আসামি করে কোতোয়ালি মডেল থানার মামলায় শুক্রবার রাতে রূপাতলী বাস টার্মিনাল থেকে সাউথ বেঙ্গল পরিবহনের হেলপার মো. ফিরোজ মুন্সী ও এমকে পরিবহনের সুপারভাইজার আবুল বাশার রনিকে গ্রেফতার করা হয়। এ খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে শনিবার বেলা ১১টার পর থেকে বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট শুরু করে পরিবহন শ্রমিকরা। পরিবহন শ্রমিক গ্রেফতারের প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ কর্মসূচি পালন করে শ্রমিকরা। এতে শনিবার বেলা ১১টার দিকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পরিবহন শ্রমিকরা সামনের সড়ক অবরোধ করে রাখায় ২১টি রুটের পাশাপাশি সেখান থেকে বরিশাল নগরীতেও যানবাহন চলাচলে বাধার সৃষ্টি হয়। বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রূপাতলী বাস টার্মিনালের কেউ জড়িত নয়। কারা এসব কাজ করেছে তাও আমরা জানি না। আমরা শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছি। ষড়যন্ত্রমূলকভাবে রূপাতলী বাস টার্মিনালের দুই শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। আন্দোলনরত শ্রমিকরা জানান, শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলা হয়েছে বিআরটিসির স্টাফদের। তারা গ্রেফতার হওয়া শ্রমিকদের মুক্তির দাবি জানান। তা না হলে আপাতত ভাষা দিবস উপলক্ষ্যে শনিবার রাত ১২টার পর থেকে সাময়িকভাবে বাস ধর্মঘট প্রত্যাহার করে সরকারি ছুটি শেষে আবার অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোকতার হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের মামলায় ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিকাল সাড়ে ৫টার পর থেকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মামলা ও গ্রেফতারের পর পরিবহন শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিলে প্রশাসনসহ সংশ্লিষ্টরা বেকায়দায় পড়েন। ববি শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকরা তাদের দাবিতে অনড় থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। দফায় দফায় মহাসড়ক অবরোধ ও পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়ে বরিশাল-পটুয়াখালী-ভোলা-বরগুনাসহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটিসহ তিন দিনের ছুটিতে যাতায়াতকারী যাত্রীদের এ ধর্মঘটে পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ। অনেকে ঝুঁকি নিয়ে হেঁটে চলাচল করলেও ভোগান্তির শেষ নেই। সাধারণ মানুষ এ অচলাবস্থা থেকে রেহাই পেতে সরকারের ঊর্ধ্বতনদের হস্তক্ষেপ কামনা করেন।
