এস আহমেদ ফাহিম
রোড টু হেভেন। ভ্রমণপিপাসুদের প্ল্যাটফরম। কম খরচে ভ্রমণ ও ভ্রমণপিপাসুদের লোন দিয়ে ট্যুরের সুবিধা দেয় এই প্ল্যাটফরম। ব্যতিক্রমধর্মী এই প্ল্যাটফরম তৈরি করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুই শিক্ষার্থী। এরা হলেন বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের তামজিদ অনিক ও আকাশ হান্নান। এই উদ্যোগ বাস্তবায়নে ফেসবুকে ‘রোড টু হেভেন’ নামে গ্রুপ খোলা হয়েছে।
এই বিষয়ে তামজিদ অনিক বলেন, করোনাকালীন আমাদের গ্রুপ খোলা হয় এবং কার্যক্রম শুরু হয়। এখন আমি আর আকাশ এই দুজনই পরিচালনা করছি এবং সঙ্গে মডারেটর ও অ্যাডমিন আছে। ২০২০-এর নভেম্বরের ২২ তারিখে আমরা প্রথম ট্যুরে যাই। এখন পর্যন্ত ছয়টি ট্যুর দিয়েছি। সাজেক, সেন্ট মার্টিন, নিঝুম দ্বীপ, মারং টং, কক্সবাজারে এই ট্যুরগুলো হয়েছে এবং ট্যুরগুলোতে অনেক সাড়া পেয়েছি।
এই উদ্যোগের বিষয়ে তামজিদ অনিক বলেন, ট্রাভেল করার আমার একটা নেশা ছিল। কিন্তু অনেক সময় ট্যুরে যাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও টাকার জন্য যাওয়া হয় না। ওখান থেকে এই চিন্তা আসে যদি এমন হয় যে ট্যুরের জন্য লোন দেওয়া হবে এবং সেটা মাসে মাসে পরিশোধ করতে পারবে। আমরা যারা অ্যাডভেঞ্চার ভালোবাসি, যারা কম খরচে ট্যুর দেওয়ার জন্য প্রস্তুত থাকি তাদের জন্যই আমাদের এই প্ল্যাটফরম।
ট্যুর লোন পাওয়ার বিষয়ে তামজিদ অনিক বলেন, লোন পেতে ভোটার আইডি কার্ডের ফটোকপি, স্টুডেন্ট/জব আইডি কার্ডের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। তিন মাসের মধ্যে এই লোন পরিশোধ করা যাবে এবং কোনো ইন্টারেস্ট দিতে হবে না। আর ট্যুর লোন পেতে হলে অবশ্যই ট্যুর প্যাকেজের মধ্যে যেতে হবে।
এই উদ্যোগ নিয়ে ভবিষ্যত্ পরিকল্পনার বিষয়ে তামজিদ অনিক বলেন, আমরা এটাকে অনেক বড় একটা ট্যুর প্ল্যানার বানাতে চাই। টাকার জন্য কেউ ট্যুরে যেতে পারবে না সেটা যেন না হয় এ উদ্দেশ্যে আমরা এগিয়ে যেতে চাই। ভবিষ্যতে আমরা একটা ট্রাভেল ব্যাংক খোলার পরিকল্পনা করেছি যার মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গায় যাবার জন্য আমরা ট্যুর লোন দিতে পারব।
