স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ৪০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। গতকাল রবিবার ভোর ৬টার দিকে নদীর চকরাজাপুর এলাকা থেকে মাছটি ধরে ৩৪ হাজার টাকায় স্থানীয় ব্যাপারীর কাছে বিক্রি করেছেন জেলে ওয়ালিউর। জানা গেছে, কয়েক দিন আগে একই এলাকায় জাল ফেলে পাঁচটি বাঘাইড় মাছ পেয়েছিলেন জেলে ওয়ালিউর; মাছগুলোর ওজন ছিল একত্রে ৭৬ কেজি। সব মিলিয়ে পাঁচ দিনে তিনি প্রায় ২ লাখ টাকার বাঘাইড় মাছ ধরে বিক্রি করেছেন বলে জানান কালিদাসখালী চরের এই জেলে।
স্থানীয়রা জানান, ৩৪ হাজার টাকায় মাছটি কিনেছেন চকরাজাপুর চরের মাছ ব্যবসায়ী করম আলী। তিনি মাছটি ঢাকায় নিয়ে বিক্রি করবেন বলে জানান। বাঘা উপজেলার ভারপ্রাপ্ত মত্স্য কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, পদ্মায় বড় মাছ পাওয়ায় জাটকা ধরার প্রবণতা কমেছে। জেলেরা এখন পদ্মায় প্রতিনিয়ত বড় মাছ ধরছেন।
